রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রুয়েট প্রশাসন ও বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত রুয়েট ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকানে এ অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর। অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের বিশেষ আহ্বানে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়ম হাতেনাতে ধরা পড়ে। অভিযানে দেখা যায়, বেশ কিছু দোকানে কালিযুক্ত কাগজের প্যাকেট, বাসি খাবার ও অনুমোদনহীন ফুড কালার ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধে ‘বাংলা টিফিন ক্যান্টিন’কে সর্বোচ্চ ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘ফটিক জল’কে ৩ হাজার টাকা এবং ‘চারু আড্ডা’, ‘বাইটস এন্ড ব্রিউ লাইভ বেকারি’ ও ‘রুয়েট ক্যাফেটেরিয়া’কে ২ হাজার টাকা করে সতর্কতামূলক অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ‘শহীদুল্লাহর টং’ থেকে ক্ষতিকর মোড়ক জব্দ করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক ফজলে এলাহী জানান, জুস বার থেকে শুরু করে শিক্ষার্থীদের খাবারের প্রায় প্রতিটি পয়েন্টেই পরিদর্শন চালানো হয়েছে। যেখানেই নিয়মের ব্যত্যয় পাওয়া গেছে, সেখানেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও রুচিশীল খাবার নিশ্চিত করা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। তবে শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানালেও খাবারের মান ধরে রাখতে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।
টিএইচএ/
