পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সোমবার থেকেই মন্ত্রিসভার দপ্তর বণ্টনের কাজ শুরু করেছেন শুভেন্দু অধিকারী। নবান্নে দিনভর একাধিক বৈঠকের পর বিজেপি সরকারের প্রথম দফার দায়িত্ব বণ্টনের তালিকা চূড়ান্ত হয়েছে।
নতুন মন্ত্রিসভায় বিজেপির প্রভাবশালী নেতা দিলীপ ঘোষকে তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ বিকাশ এবং কৃষি বিপণন দপ্তর সামলাবেন। রাজনৈতিক মহলের মতে, গ্রামীণ উন্নয়ন ও কৃষিভিত্তিক অর্থনীতির মতো মৌলিক ক্ষেত্রগুলো তাঁর হাতে সোপর্দ করে দল সাধারণ মানুষের কাছে একটি শক্তিশালী বার্তা দিতে চাইছে। অন্যদিকে, নারী ও শিশু কল্যাণ দপ্তরের পাশাপাশি পুর দপ্তরের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল। শহরাঞ্চলের উন্নয়ন এবং মহিলা নিরাপত্তা ও কল্যাণের মতো সংবেদনশীল বিষয়গুলোতে তাকে এখন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
উত্তরবঙ্গের উন্নয়নে বিশেষ নজর দিতে নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব। উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত করার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি অশোক কীর্তনীয়াকে খাদ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, যা রেশন ও খাদ্য বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের ভার তুলে দেওয়া হয়েছে ক্ষুদিরাম টুডুর হাতে। জনগণের প্রত্যাশা পূরণে নতুন এই মন্ত্রিসভা কতটা সফল হয়, এখন সেটাই দেখার বিষয়।
টিএইচএ/
