অনিশ্চয়তার মাঝেই বিশ্বকাপ দলে ফিরলেন নেইমার

by Abid vs36

ব্রাজিল বিশ্বকাপ দলে তারকা ফরোয়ার্ড নেইমারের ফেরাটা যতটা আলোচনার, তার পেছনের গল্পটাও কম নাটকীয় নয়। দল ঘোষণার মাত্র চার দিন আগে সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি সরাসরি কথা বলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সঙ্গে। সেই ফোনালাপেই নেইমারকে জানিয়ে দেওয়া হয় তার নতুন বাস্তবতা। তিনি আর দলের অধিনায়ক নন, এমনকি শুরুর একাদশেও তার জায়গা নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর বরাতে স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, গত বৃহস্পতিবার ভিডিও কলে নেইমারের সঙ্গে কথা বলেন আনচেলত্তি ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ক্রীড়া পরিচালক রদ্রিগো কায়েতানো। প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর নেইমারকে ফেরানোর আগে তার ভূমিকা, দায়িত্ব ও সীমাবদ্ধতা পুরোপুরি পরিষ্কার করে দিতে চেয়েছিল ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট।

আলোচনায় নেইমারকে স্পষ্ট জানানো হয়, নতুন কোচিং স্টাফের অধীনে জাতীয় দলে শৃঙ্খলা ও দলীয় আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। মাঠের বাইরে তার উপস্থিতি, দলের পরিবেশে আচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত দৃশ্যমানতা কমানোর বিষয়েও কড়া কথা হয়েছে। আনচেলত্তি ও কায়েতানো মনে করেছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নেইমারের মানসিক অবস্থান জানা জরুরি ছিল। তবে নেইমার এই কড়া বার্তাটি ইতিবাচকভাবেই নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি ব্রাজিলের হয়ে আরেকটি বিশ্বকাপে অবদান রাখতে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলেও টিম ম্যানেজমেন্টকে আশ্বস্ত করেছেন। গত সেপ্টেম্বরের পর আনচেলত্তি ও নেইমারের মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি কথা। নতুন এই কঠিন ভূমিকা মেনে নেওয়ার মানসিকতাই শেষ পর্যন্ত কোচ আনচেলত্তিকে আশ্বস্ত করে এবং শুক্রবারের মধ্যেই সিবিএফের ভেতরে নেইমারকে ২৬ জনের স্কোয়াডে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়।

বিজ্ঞাপন
banner

দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি পরিষ্কার করে দিয়েছেন, নেইমারের জন্য দলে আলাদা কোনো নিয়ম থাকবে না। তিনি বলেন, নেইমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশ্বকাপেও সে গুরুত্বপূর্ণ হবে। তবে তার ভূমিকা ও দায়িত্ব বাকি ২৫ জনের মতোই। সে খেলতে পারে, নাও খেলতে পারে, বদলি হিসেবে নামতে পারে, বেঞ্চেও থাকতে পারে। ব্রাজিল কোচ আরও যোগ করেন, আমি পরিষ্কার ও সৎ থাকতে চাই। সে খেলবে, যদি খেলার যোগ্য হয়। আমার মনে হয়, সব প্রত্যাশা একজন খেলোয়াড়ের ওপর চাপিয়ে না দেওয়াই গুরুত্বপূর্ণ।

অবশ্য চূড়ান্ত ঘোষণার দিন সকালেও নেইমারকে নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল। করিতিবার বিপক্ষে সান্তোসের ম্যাচে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। সিবিএফের মেডিকেল টিম তার ফিটনেস গভীরভাবে পর্যবেক্ষণ করার পর গুরুতর কোনো চোট না থাকার নিশ্চয়তা পেয়েই নেইমারকে দলে রাখার সিদ্ধান্ত বহাল রাখে। অন্যথায় তার জায়গায় বিকল্প হিসেবে ব্রাইটন ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে বিবেচনায় রাখা হয়েছিল। অবশেষে রিও ডি জেনিরোতে সোমবার রাতে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় নেইমারের নাম উচ্চারণ করতেই ফুটবলপ্রেমীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড এবার খেলতে যাচ্ছেন নিজের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। দল ঘোষণার পর নেইমার কোচ আনচেলত্তিকে একটি কৃতজ্ঞতা বার্তা পাঠিয়েছেন, যেখানে ছিল সবুজ ও হলুদ রঙের হৃদয়ের ইমোজি। দীর্ঘ অনিশ্চয়তার পর জাতীয় দলের দরজা আবার খুললেও এবার নেইমারের সামনে চ্যালেঞ্জটা একদম আলাদা। এবার তাকে মূল তারকা হিসেবে নয়, বরং দলের কঠোর নিয়মের ভেতর থেকে পারফর্ম করে নিজের জায়গা প্রমাণ করতে হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222