বাংলাদেশ ফুটবল দলের সবচেয়ে বড় তারকা ও প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বর্তমানে ব্যক্তিগত সফরে ঢাকা অবস্থান করছেন। ফুটবলের মহাতারকা হলেও বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার রয়েছে বিশেষ টান। সফরের ব্যস্ত সূচির মধ্যেই আজ বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে একটি কিশোর ক্রিকেট ম্যাচ দেখতে যাওয়ার কথা রয়েছে তার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্প্রতি কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে। আজ বিকেলে মোহাম্মদপুরস্থ ক্রীড়া শিক্ষা মাঠে এই কর্মসূচির আওতায় আয়োজিত একটি ক্রিকেট ম্যাচ উপভোগ করবেন হামজা। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। উল্লেখ্য, গত পরশু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এই নতুন কুঁড়ি স্পোর্টসে হামজাকে সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেছিলেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আজকের এই মাঠ পরিদর্শন।
এর আগে গত পরশু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চেয়েছিলেন হামজা। তবে তিনি যখন স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হন, ততক্ষণে ক্রিকেটাররা মাঠের অনুশীলনে ব্যস্ত হয়ে পড়ায় সেই সাক্ষাৎ আর সম্ভব হয়নি। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সাথে দেখা না হলেও আজ মোহাম্মদপুরে উঠতি ও ক্রিকেটাররা বিশ্বনন্দিত এই ফুটবলারকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।
ইংলিশ ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে সাধারণত ফিফা উইন্ডো ছাড়া হামজা চৌধুরী ছুটি পান না। এক মৌসুম শেষ ও নতুন মৌসুম শুরুর মধ্যবর্তী অবসর সময়ে পাঁচ দিনের ঝটিকা সফরে বাংলাদেশে এসেছেন তিনি। এই সফরে বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে বিপণন চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। সফর শেষে আগামীকালই তার ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
