নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তৃতীয় সন্তানের বাবা হয়ে লিখেছেন আলহামদুলিল্লাহ। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! আজ রাত ১০:৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন।’
শুক্রবার (২২ মে) রাত ১০টা ৩৫ মিনিটে তার পরিবারে জন্ম নেয় একজন পুত্রসন্তান।
সামাজিক মাধ্যম ফেসবুকে নিজেই এই সুখবর দেন বাংলাদেশের ক্রিকেটের এক সময়ের জনপ্রিয় এই ব্যাটাসম্যান। নবজাতককে আল্লাহর রহমত ও বিশেষ নিয়ামত উল্লেখ করে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেসবুক স্ট্যাটাসে আশরাফুল লেখেন, ‘আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।
পোস্টের শেষাংশে ভক্ত-সমর্থকদের কাছে সন্তানের জন্য দোয়া চান সাবেক এই অধিনায়ক। তিনি লেখেন, ‘আপনাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল। “আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।”
২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান ব্যাটসম্যান আশরাফুলের। ২০১৩ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার আন্তর্জাতিক রান ৬ হাজার ৬৫৫।
বর্তমানে ৪১ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতেই এখন কাজ করে যাচ্ছেন তিনি।
