আধুনিক জীবনে অনিয়মিত খাবার, কম পানি পান ও ব্যায়ামের অভাবের কারণে অনেকেই কোষ্ঠকাঠিন্যে ভোগেন। তবে সকালে সঠিক খাবার বেছে নিলেই এ সমস্যা অনেকটাই কমে যায়। চলুন জেনে নিই কোন খাবারগুলো কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর।
১. খালি পেটে গরম পানি ও লেবু
সকালে খালি পেটে এক গ্লাস গরম পানির সঙ্গে আধা লেবুর রস মিশিয়ে খেলে অন্ত্রের গতিশীলতা বাড়ে। এটি মল নরম করে ও হজমশক্তি উন্নত করে।
২. ফাইবারসমৃদ্ধ ফল
পেঁপে, আপেল, নাশপাতি ও কমলার মতো ফল ফাইবারে ভরপুর। এগুলো সকালে খেলে মল সহজে বের হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। বিশেষ করে পেঁপেতে থাকা প্যাপেইন এনজাইম হজম প্রক্রিয়াকে আরও সহজ করে।
৩. ওটস ও চিড়া
ওটস বা দুধ-চিড়া হলো সকালের জন্য আদর্শ খাবার। এতে প্রচুর দ্রবণীয় ফাইবার থাকে যা অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
৪. ইসুবগুলের ভুসি
গরম দুধ বা পানির সঙ্গে এক চামচ ইসুবগুল সকালে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এটি প্রাকৃতিকভাবে মল নরম করে ও সহজে বের হতে সাহায্য করে।
৫. শাকসবজি স্মুদি বা সালাদ
শসা, গাজর, পালং শাক বা বিট দিয়ে তৈরি স্মুদি কিংবা সালাদ সকালে খেলে শরীরে ফাইবার ও পানি দুই-ই মেলে। এটি অন্ত্রকে সক্রিয় রাখে এবং হজমে সহায়ক।
৬. ভেজানো কিসমিস বা খেজুর
রাতে পানিতে ভিজিয়ে রাখা কিসমিস বা খেজুর সকালে খেলে কোষ্ঠকাঠিন্য অনেকটাই কমে যায়। এতে প্রাকৃতিক সুগার ও ফাইবার রয়েছে, যা হজমে সহায়তা করে।
৭. প্রোবায়োটিক খাবার
সকালে টক দই খেলে অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়ে। এতে হজমশক্তি উন্নত হয় এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমে।
বাড়তি টিপস
- প্রতিদিন কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পান করুন।
- হালকা ব্যায়াম, হাঁটা বা যোগব্যায়াম করুন।
- অতিরিক্ত ঝাল-মসলাযুক্ত ও তেলেভাজা খাবার এড়িয়ে চলুন।
নিয়মিত এই খাবারগুলো সকালের ডায়েটে রাখলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে যাবে এবং হজমশক্তি হবে আরও ভালো।
এনআর/
