আমেরিকান সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং এর চার সাংবাদিকের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) ফ্লোরিডার একটি আদালতে এ মামলা দায়ের করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।
মামলায় ২০২৪ সালের নির্বাচনের আগে সংবাদপত্রটিতে প্রকাশিত বেশ কয়েকটি নিবন্ধ এবং একটি বইয়ের নাম উল্লেখ করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে যে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এসব লেখায় ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণভাবে মানহানি করা হয়েছে।’
তবে এ মামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি নিউইয়র্ক টাইমস।
সোমবার ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘নিউইয়র্ক টাইমসকে অনেক দিন ধরেই অবাধে মিথ্যা বলার, অপবাদ দেওয়ার এবং আমার মানহানি করার অনুমতি দেওয়া হয়েছে, আর তা এখনই থামছে!’
তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি নিউইয়র্ক টাইমসের সমর্থনের নিন্দা করেন ।
নিউইয়র্ক টাইমসকে ডেমোক্র্যাটিক পার্টির ‘ভার্চুয়াল মুখপাত্র’ হিসেবে অভিহিত করেন তিনি। পত্রিকাটি তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেন ট্রাম্প।
ট্রাম্প এর আগেও অন্যান্য সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করেছেন। জেফ্রি এপস্টাইনের সাথে তার বন্ধুত্ব নিয়ে একটি নিবন্ধ প্রকাশের পর জুলাই মাসে মিডিয়া মোগল রুপার্ট মারডক এবং ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে কমপক্ষে ১০ বিলিয়ন ডলারের মামলা করেন তিনি।
এআইএল/
