ইউরোপীয় পণ্যে ১০০% শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স বা ডিজিটাল পরিষেবা কর (ডিএসটি) আরোপের জবাবে ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ আমদানি শুল্ক বসানো নিয়ে চিন্তা করছেন।

শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া সতর্কবার্তা দেন।

বিজ্ঞাপন
banner

ট্রাম্প বলেন, ‘কয়েকটি ইউরোপীয় দেশ মার্কিন বিভিন্ন কোম্পানির ওপর ডিজিটাল পরিষেবা কর কার্যকরের বিষয়ে আলোচনা করছে। এর মধ্যে কিছু দেশ এটি বাস্তবে রূপ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।’

তিনি বলেন, ‘কোনো দেশ যদি এ ধরনের কর চালু করে, তাহলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে’। একই সঙ্গে বিদ্যমান যেকোনো দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিকে সম্পূর্ণভাবে ‘অকার্যকর করে দেবে’ বলেও সতর্ক করেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে, যেখানে অধিকাংশ ইউরোপীয় পণ্যে শুল্কের সীমা ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। চুক্তিটি বাস্তবায়নের জন্য ৪ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। কিন্তু এই চুক্তিতে ডিজিটাল করের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।

অন্যদিকে ইউরোপের বিভিন্ন দেশ মার্কিন প্রযুক্তি জায়ান্ট যেমন—অ্যাপল, গুগল, মেটা ও অ্যামাজনের ওপর ডিজিটাল সেবা কর আরোপ করেছে। ট্রাম্পের মতে, এই কর অন্যায়ভাবে মার্কিন কোম্পানিগুলোকে লক্ষ্য করে নেওয়া হয়েছে।

অলাভজনক সংস্থা ট্যাক্স ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ফ্রান্স, ইতালি ও স্পেন ইতিমধ্যে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ৩ শতাংশ কর আরোপ করেছে এবং ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ একই ধরনের কর চালুর পরিকল্পনা করছে।

এছাড়া ২০২০ সাল থেকেই যুক্তরাজ্যে ২ শতাংশ হারে এ ধরনের কর কার্যকর রয়েছে। ফলে দেশটির ক্ষেত্রে ট্রাম্পের এই ঘোষণার প্রভাব কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222