গাজায় ইসরায়েলের গণহত্যার কারণে স্পেন সরকার গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি বাতিল করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে বিদেশি গণমাধ্যম জানিয়েছে, ৮২৫ মিলিয়ন ডলারের ইসরায়েলি তৈরি রকেট লঞ্চার কেনার চুক্তি বাতিল করেছে স্পেন। গাজার ওপর চাপ বাড়াতে এবং ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কূটনৈতিক বার্তা দেওয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, এর বাইরে আরও কঠোর পদক্ষেপের বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে স্পেনীয় সেনাবাহিনীতে ব্যবহৃত ইসরায়েলি তৈরি বা ইসরায়েলি প্রযুক্তিনির্ভর অস্ত্র পরিত্যাগের বিষয়ও অন্তর্ভুক্ত।
এ প্রসঙ্গে গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, তার সরকার গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে অস্ত্র কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করছে।
ইতোমধ্যে ১৬৮টি ট্যাংকবিধ্বংসী মিসাইল লঞ্চারের চুক্তি বাতিলের প্রস্তুতি শুরু করেছে স্পেন। এই অস্ত্রগুলো ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের ভিত্তিতে নেওয়ার কথা ছিল।
অন্যদিকে, গাজার অবরোধ তুলে নিতে স্পেন জাতিসংঘে প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর থেকে স্পেনে ইসরায়েলের কোনো রাষ্ট্রদূত নেই।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
