খাগড়াছড়িতে সহিংসতার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি, অবরোধ ও ১৪৪ ধারা অব্যাহত

by amirulislamluqman20@gmail.com

জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। একই সঙ্গে গুইমারার রামসু বাজারে সহিংসতার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করার কথা জানান তিনি।

মঙ্গলবার গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় জেলা প্রশাসক এসব কথা জানান। এ সময় তাঁর কাছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

বিজ্ঞাপন
banner

তাদের পাশে থাকার অঙ্গীকার করে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আজকে আমরা এখানে এসেছি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানোর জন্য। আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাদের পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছে, আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নেব। যারা নিহত হয়েছে, তাদের পরিবারের সঙ্গে কথা বলব।’

আইনশৃঙ্খলা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা আমাদের ১৪৪ ধারা প্রত্যাহারের অনুরোধ করেছে। আমরা বলেছি, তারা অবরোধ প্রত্যাহার করলে আমরাও ১৪৪ ধারা প্রত্যাহার করব।’

জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, গুইমারায় সহিংসতায় যাঁরা হতাহত হয়েছেন, তাদের পরিবারকে মামলা করার জন্য অনুরোধ করা হয়েছে। তারা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

আজ চতুর্থ দিনের মতো খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে অবরোধ শিথিল করা হলেও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি।

অভ্যন্তরীণ সড়কগুলোতেও অল্পসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। প্রশাসনের জারি করা ১৪৪ ধারাও বহাল রয়েছে জেলার সদর ও গুইমারা উপজেলায়। পরিস্থিতি এখনো থমথমে।

এর আগে গত রোববার গুইমারায় সহিংসতায় নিহত তিন পাহাড়ির মরদেহের ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই তাঁদের দাহক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।

এ ছাড়া গতকাল পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার উপস্থিতিতে জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বৈঠকে জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222