তেলেগু সিনেমা (টলিউড) এর অভিনেতা শ্রীকান্ত ইঙ্গার মহাত্মা গান্ধীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ভারতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
শনিবার (১১ অক্টোবর) ডেইলি জং ও এবিপি সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে শ্রীকান্তকে বলতে শোনা যায়, ‘গান্ধীকে ‘বাপু’ বলা পুরো জাতির প্রতি অপমান। মহাত্মা গান্ধী যদি জাতির জনক হন, তাহলে আয়্যাম দ্য বাস্টার্ড সিটিজেন।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিনেতাকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে।
অভিনেতা গান্ধী সম্পর্কে আরও কিছু অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন, যা প্রকাশের পর জনসাধারণের পাশাপাশি রাজনীতিক ও সামাজিক সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
গান্ধীর অনুসারী ও বিভিন্ন সংগঠন শ্রীকান্ত ইঙ্গারের বক্তব্যকে ‘অত্যন্ত অশোভন ও নিন্দনীয়’ আখ্যা দিয়ে সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি প্রকাশের পর এখন পর্যন্ত না শ্রীকান্ত ইঙ্গার, না তার কোনো প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা বা ক্ষমা প্রার্থনা করেছেন। এদিকে কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো আইনি পদক্ষেপের বিষয়ে এখনো নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, চিকিৎসক থেকে অভিনেতা হয়ে ওঠা শ্রীকান্ত এর আগেও বিতর্কে জড়িয়েছেন। তেলুগু ফিল্ম ক্রিটিক্সের তরফে তার আচরণ নিয়ে আপত্তি তোলা হয়। ডিজিটাল মিডিয়া আর্টিস্টস অ্যাসোসিয়েশন তাকে ব্ল্যাকলিস্ট করে। পরবর্তীতে ক্ষমা চাইতে হয় তাকে।
সূত্র: ডেইলি জং ও এবিপি।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
