ইসলামী পোশাক পরিধান করার ফলে বলিউড সুপারস্টার দীপিকা পাডুকোন সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্র হিন্দুত্ববাদীদের তীব্র সমালোচনার শিকার হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ধারণ করা একটি প্রমোশনাল ভিডিওতে তাকে বোরকা-হিজাব পরিহিত অবস্থায় দেখা গেছে।
এই ভিডিওটি আবুধাবি ডিপার্টমেন্ট অফ কালচার অ্যান্ড ট্যুরিজমের সহযোগিতায় প্রকাশিত হয়েছে। এতে দীপিকা ও তার স্বামী রণবীর সিং ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে লুভর আবুধাবি মিউজিয়াম এবং শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করছেন।
ভিডিওতে দীপিকাকে আবায়া পরা অবস্থায় দেখা যায়। ভিডিও প্রকাশিত হওয়ার পর অনেক উগ্রবাদী বিষয়টি ভালোভাবে নেননি, তারা অভিযোগ করেছেন, দীপিকা হিজাব পরে নিজের ‘মত প্রকাশের স্বাধীনতা’ সংক্রান্ত আগের বক্তব্যের পরিপন্থী আচরণ করেছেন।
অন্যদিকে, কিছু দর্শক পরিষ্কার করে বলেছেন, দীপিকার পরা পোশাকটি আসলে আবায়া, যা মসজিদে প্রবেশের সময় নারীদের জন্য উপযুক্ত ও শ্রদ্ধাজনক পোশাক হিসেবে বিবেচিত হয়। তারা আরও বলেন, এটি আরব সংস্কৃতির অংশ এবং দীপিকা কেবল স্থানীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
কিছু সমালোচক তার ২০১৫ সালের সংক্ষিপ্ত চলচ্চিত্র ‘মাই চয়েস’ এর উদাহরণ টেনে ব্যঙ্গ করেন, যেখানে তিনি নারী স্বাধীনতার বার্তা দিয়েছিলেন। তবে তার সমর্থকেরা যুক্তি দেন, দীপিকার এই পোশাক পরা সম্পূর্ণভাবে স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ।
সূত্র: এক্সপ্রেস নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
