মালয়েশিয়ার মালাক্কা রাজ্যের একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশি ২ যুবকের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় লাশ দুটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলাদেশি ২ যুবক প্রায় ছয় মাস ধরে এই বাড়িতে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মানসিক চাপ থেকে তাদের মধ্যে ঝগড়ার জের ধরে এই ঘটনা ঘটতে পারে।
তারা আরো জানান, ঘটনার কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে দুই যুবকের মধ্যে ঝগড়া ও উচ্চৈঃস্বরে চিৎকারের শব্দ শোনা যায়। পরে তাদের এক রুমমেট ঘরে ফিরে এসে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান।
স্থানীয় নাগরিক জুহাইলির ভাষ্য মতে, তিনি বাড়িতে প্রবেশ করে দেখেন, রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। মেঝেতে একজনকে রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছে। অন্যজনের ঘরের দরজা বন্ধ ছিল। পরে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
তিনি জানান, ২ যুবক পাশেই একটি নির্মাণ সাইটে কাজ করতেন।
নিহত দুজনের মধ্যে একজন ইন্দোনেশিয়ান নারীকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি শিশুও ছিল। প্রায় দুই সপ্তাহ আগে তার স্ত্রী শিশুটিকে নিয়ে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, এর আগেও প্রতিবেশী হিসেবে তাদের (স্বামী-স্ত্রী) মধ্যে ঝগড়া শুনেছিলেন। প্রায়ই শোনা যেত, স্ত্রী তাকে কাজ করা নিয়ে বকাঝকা করছেন। জুহাইলি মনে করেন, সম্ভবত সেই মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
এআইএল/
