ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে কুয়েতে বসবাসরত প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং গুজব প্রতিরোধে স্থানীয় সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
স্থানীয় সময় রোববার (৮ মার্চ) দুপুরে অনুষ্ঠিত এই জুম মিটিংয়ে কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সোশ্যাল অ্যাক্টিভিস্টরা অংশগ্রহণ করেন। বৈঠকে প্রবাসীদের ফ্লাইট সমস্যা, ভিসা জটিলতা ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসী বাংলাদেশিদের ধৈর্য ধারণ করে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন। তিনি কঠোরভাবে সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র বা হামলা সংক্রান্ত কোনো ছবি, ভিডিও কিংবা লাইভ সম্প্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে যেকোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
রাষ্ট্রদূত আরও জানান, কুয়েতে ফিরতে না পারা প্রবাসীদের ছুটি ও ভিসার মেয়াদ সংক্রান্ত জটিলতা নিরসনে দূতাবাস কুয়েত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। সভায় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ অন্যান্য সংবাদকর্মীরা উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহে দূতাবাসের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
টিএইচএ/
