শাপলা শহীদ পরিবারকে সহায়তায় সরকারকে ধন্যবাদ জানালেন মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশের ইতিহাসে লীগ সরকারের শাসনামলে এমন অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে বহু নিরপরাধ মানুষ ও দেশপ্রেমিক নাগরিক জীবন হারিয়েছেন। শাপলা চত্বর, পিলখানা ট্র্যাজেডি, ২০২৪ জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ের প্রাণহানির ঘটনাগুলো জাতির বিবেককে আজও নাড়া দেয়। এসব ঘটনায় যারা শহীদ হয়েছেন, তাঁদের ত্যাগ ও রক্ত কখনো বৃথা যেতে পারে না। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে ৫৮ জন এবং ২০২১ সালের মার্চ মাসে মোদী বিরোধী আন্দোলনে ১৯ জন মোট ৭৭ জন শহীদ পরিবারের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে মোট ৭ কোটি ৭০ লাখ টাকার চেক প্রদান করে সহায়তা করায় স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া

শনিবার (১৮ অক্টোবর ২০২৫ ঈ.) বাদ মাগরিব চট্টগ্রামের রাউজান ‘গোহিরা ইসলামিক সম্মেলন সংস্থা’র উদ্যোগে আয়োজিত এক মাহফিলে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি আরো বলেন, জাতি হিসেবে আমাদের দায়িত্ব— শহীদদের মর্যাদা রক্ষা করা, তাঁদের পরিবারকে সম্মান ও সহায়তা প্রদান করা, এবং ইতিহাসের সত্যকে প্রজন্মের সামনে তুলে ধরা। এতে কেবল ন্যায়বিচারই প্রতিষ্ঠিত হবে না, বরং জাতীয় ঐক্য ও মানবিক চেতনাও শক্তিশালী হবে। ইসলামপ্রিয় জনগণ ও আলেম সমাজ শাপলা চত্বরের ঘটনায় যারা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সুতরাং দীর্ঘদিন পর হলেও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় বর্তমান সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবতার খাতিরে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং জাতীয় সম্প্রীতির স্বার্থে আপনাদের এই সহায়তা পদক্ষেপ একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। আমরা আশা করি, এই সহযোগিতা কেবল আর্থিক নয়—বরং ন্যায়বিচার, মানবিকতা ও জাতীয় ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করবে। ভবিষ্যতেও যেন দেশের আলেম সমাজ ও দীনদার নাগরিকদের প্রতি সম্মান ও সহমর্মিতা বজায় রাখা হয়, এবং ইসলামী মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে সহযোগিতার মনোভাব অব্যাহত থাকে।

মাওলানা হারুনুর রশীদের সভাপতিত্বে উক্ত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা ইসমাঈল মেখলী প্রমূখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222