যেসব দাবিতে সোমবার দেশব্যাপী বিক্ষোভে যাচ্ছে জামায়াত-চরমোনাই ও মজলিস

by hsnalmahmud@gmail.com

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>

আগামীকাল ২৭ অক্টোবর (সোমবার) দেশের সকল জেলা সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ আন্দোলনরত অন্যান্য দলসমুহ সমন্বিতভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। সংগঠনগুলোর দাবিগুলো হচ্ছে — জুলাই সনদ বাস্তবায়ন, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে ভোট ব্যবস্থা চালু, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, মহাপরাধী ও দুর্নীতিবাজদের বিচার, এবং স্বৈরাচারের সহযোগীদের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিজ্ঞাপন
banner

বিক্ষোভের মূল ৫ দফা দাবি:
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বরে গণভোট আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে (জাতীয় সংসদ) পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সোমবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৬ অক্টোবর এক বিবৃতিতে বলেন, ‘জাতির মুক্তি ও ন্যায়বিচারের লক্ষ্যে আন্দোলনরত ৮টি দলের ৫ দফা গণদাবি জনগণের সামনে উপস্থাপিত হয়েছে। আগামীকালের (২৭ অক্টোবর) বিক্ষোভকে সর্বাত্মকভাবে সফল করতে দেশের সকল শ্রেণি-পেশার জনগণকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ঘোষিত ৫-দফা গণদাবী আদায়ের লক্ষ্যে আগামীকাল ২৭ অক্টোবর (সোমবার) দেশের সকল জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল দেশের সকল জেলায় বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

তফসিলের আগে গণভোট আয়োজন করা, জুলাই সনদের আইনীভিত্তির জন্য সাংবিধানিক আদেশ দেয়া, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধকরণের ৫ দফা দাবীতে চলমান যুগপৎ আন্দোলনের ৪র্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৭ অক্টোবর, সোমবার দেশের সকল জেলা শহরে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশে যে সংস্কারের সুযোগ তৈরি হয়েছিলো তা কাজে লাগাতে ব্যর্থ হতে যাচ্ছে এই সরকার। সংস্কারের নামে যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে তাতে নোট অব ডিসেন্টের কারণে সনদের চেয়ে বরং সংস্কার সম্পর্কিত মতামত দলীলে পরিনত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন করার পদ্ধতি এখনো ঠিক করা হয় নাই। ফ্যাসিবাদের দোসরদের বাড়বাড়ন্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে অথচ তাদেরকে আইনের আওতায় আনার কোন উদ্যোগ চোখে পড়ছে না। এমন বাস্তবতায় জুলাই গণঅভ্যুত্থানে উৎসর্গিত রক্তের দায় শোধ করতে রাজপথে থাকা জরুরী মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারই অংশ হিসেবে যুগপৎ আন্দোলন চলছে। আগামীকাল দেশের সকল জেলায় বিক্ষোভ মিছিল করা হবে। এতেও যদি সরকারের বোধদয় না হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচির পথে হাটতে বাধ্য হবে জনতা।

৫ দফা দাবিতে আগামীকাল দেশব্যাপী জেলা–মহানগরে বিক্ষোভ মিছিল সফল করুন : মাওলানা জালালুদ্দীন আহমদ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে আগামীকাল সোমবার, ২৭ সেপ্টেম্বর, দেশব্যাপী জেলা–মহানগরে ঘোষিত বিক্ষোভ মিছিল সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আজকের বাংলাদেশ এক দুঃসহ সংকটকাল অতিক্রম করছে। প্রতিশ্রুত সংস্কারের কোনো কাঙ্ক্ষিত অগ্রগতি নেই, পরাজিত শক্তির বিচারের দৃশ্যমান পদক্ষেপ এখনো জনগণকে সন্তুষ্ট করতে পারেনি; বরং জনগণের ভোটাধিকার হরণে নতুন চক্রান্ত চলছে।

তিনি আরও বলেন, জুলাই–আগস্ট বিপ্লবের রক্তস্নাত ত্যাগে অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তির সংগ্রাম আজ এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। এ পরিস্থিতিতে জাতির মুক্তি ও কল্যাণের স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিসসহ দেশের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক শক্তিসমূহ যুগপৎভাবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অবিলম্বে গণভোট আয়োজন এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। এই দাবিসমূহ শুধু একটি রাজনৈতিক দলের দাবি নয়; বরং শহীদদের রক্তে লেখা অঙ্গীকার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের শপথ।

মহাসচিব আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—স্বৈরাচার কখনো জনগণের ঢল রুখতে পারেনি। জুলাই–আগস্ট বিপ্লবের যে আকাঙ্ক্ষা ও প্রেরণা মানুষ হৃদয়ে ধারণ করেছে, তা আর দমন করা সম্ভব নয়। আগামীকালকের বিক্ষোভ মিছিলকে সর্বাত্মকভাবে সফল করতে হবে। প্রতিটি জেলা–মহানগরে জনতার স্রোত নামিয়ে প্রমাণ করতে হবে, এই দেশ গণমানুষের — এখানে কোনো স্বৈরাচারী আকাঙ্ক্ষা পূরণ হবে না।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন! আমরা সবাই মিলে এমন এক অদম্য গণজাগরণ সৃষ্টি করি, যা পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত থামবে না।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222