নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য একাধিকবার নির্বাচিত হলেও নানা জটিলতায় বিদেশে অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন জাতীয় পর্যায়ের হাফেজ ও ক্বারী হাফেজ হামিদুল ইসলাম মারুফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুরআন তিলাওয়াত ও হিফজে অসাধারণ দক্ষতার কারণে এ পর্যন্ত চারটি আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন হামিদুল ইসলাম মারুফ। তবে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কারণে কোনো প্রতিযোগিতাতেই অংশ নেওয়া সম্ভব হয়নি তার।
তথ্য অনুযায়ী, করোনাভাইরাস মহামারির কারণে তুরস্কে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হারান তিনি। পরে ভিসা জটিলতার কারণে আলজেরিয়ার প্রতিযোগিতায় যেতে পারেননি। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে জর্ডানে অনুষ্ঠিত আরেকটি প্রতিযোগিতাও হাতছাড়া হয়। সর্বশেষ সৌদি আরবে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বয়সসংক্রান্ত সামান্য জটিলতার কারণে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গতকাল রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে এ খবর জানার পর মারুফকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের স্বপ্ন বারবার ভেঙে যাওয়ার কষ্টে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা পাশে থাকলেও তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাননি।
কুরআন প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা একজন প্রতিযোগীর জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। একাধিকবার নির্বাচিত হওয়ার পরও ধারাবাহিকভাবে সুযোগ হারানো যে কোনো প্রতিযোগীর জন্য অত্যন্ত বেদনাদায়ক।
তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের মতে, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়ার নজির রয়েছে। তাই হাফেজ হামিদুল ইসলাম মারুফের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় বিবেচনা কামনা করা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মারুফের জন্য সহানুভূতি প্রকাশ করেছেন অনেকেই। তারা তার মানসিক শক্তি ও ধৈর্যের প্রশংসা করে ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ প্রার্থনা করেছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, দায়িত্বশীল মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং একজন মেধাবী হাফেজ যেন বারবার হতাশার শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
এনআর/
