লেবাননের দক্ষিণাঞ্চলে টহলরত অবস্থায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল। সংস্থাটি জানায়, রবিবার কফার কিলা শহরের কাছে তাদের টহল ইউনিটের ওপর দিয়ে “আক্রমণাত্মক ভঙ্গিতে” উড়তে থাকা ড্রোনটিকে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে গুলি করে নামায়।
ইউনিফিল এক বিবৃতিতে জানায়, ড্রোনটি তাদের অবস্থানের অত্যন্ত কাছাকাছি চলে এলে শান্তিরক্ষীরা “প্রয়োজনীয় প্রতিরক্ষা পদক্ষেপ” নেয়।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ভূপাতিত ড্রোনটি ছিল একটি নিয়মিত গোয়েন্দা নজরদারি যন্ত্র, যা কোনোভাবেই ইউনিফিল বাহিনীর জন্য হুমকি ছিল না।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল নাদাভ শোশানি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, ইউনিফিল ইচ্ছাকৃতভাবে ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ড্রোনের কার্যক্রমে তাদের কোনো ক্ষতির আশঙ্কা ছিল না।’
তিনি আরও জানান, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর ইসরায়েলি বাহিনী ঘটনাস্থলে একটি গ্রেনেড নিক্ষেপ করে। তবে ইউনিফিলের দিকে কোনো গুলি চালানো হয়নি বলে তিনি দাবি করেন।
ইউনিফিলের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেনেডটি তাদের টহলরত ইউনিটের খুব কাছাকাছি পড়ে, এবং এর কিছুক্ষণ পর একটি ইসরায়েলি ট্যাংক তাদের দিকে একটি গুলি ছোড়ে।
“সৌভাগ্যক্রমে আমাদের কোনো সদস্য বা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি,” জানায় ইউনিফিল।
উল্লেখ্য, গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরায়েল এখনো লেবাননের আকাশসীমায় ড্রোন ওড়ানো এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো অব্যাহত রেখেছে।
হাআমা/
