আতাউল্লাহ নাবহান মামদুহ >>
আধুনিক সমাজে অপরাধ প্রতিরোধ, ন্যায়বিচার ও নিরাপত্তা রক্ষায় সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু প্রশ্ন হলো—ইসলামী শরিয়তের দৃষ্টিতে সিসিটিভি ফুটেজ বা ভিডিও প্রমাণ কি গ্রহণযোগ্য? এটি কি আদালতে দলিল হিসেবে ব্যবহার করা যায়?
ইসলামে সাক্ষ্যের মূলনীতি
ইসলামী বিচারব্যবস্থায় সাক্ষ্য (شهادة) ন্যায়বিচারের অন্যতম ভিত্তি। কুরআনে আল্লাহ তাআলা বলেন—‘হে মুমিনগণ! তোমরা ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের, পিতা-মাতা বা আত্মীয়স্বজনের বিপক্ষে যায়।’ (সূরা আন-নিসা, আয়াত ১৩৫)
প্রথাগতভাবে সাক্ষ্য বলতে প্রত্যক্ষদর্শীর মৌখিক বয়ান বোঝানো হয়। তবে যুগের পরিবর্তনে প্রমাণের নতুন মাধ্যম এসেছে—ফটোগ্রাফ, ভিডিও, অডিও রেকর্ড, ডিজিটাল তথ্য ইত্যাদি। ফলে প্রশ্ন উঠেছে: এসব প্রযুক্তিনির্ভর প্রমাণ শরিয়তের দৃষ্টিতে বৈধ দলিল কি না?
কারণভিত্তিক প্রমাণের স্বীকৃতি
ইসলামের বিশিষ্ট ফকিহ ইবনে আল-কাইয়্যিম (রহ.) বলেন—“যে কোনো উপায়ে সত্য প্রকাশ পায়, সেটি শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য প্রমাণ।” (তুরুকুল হুকমিয়া, খণ্ড ১, পৃষ্ঠা ২২)
অর্থাৎ, সত্য উদঘাটনে যে প্রমাণ সহায়ক হয় এবং তাতে প্রতারণা বা বিভ্রান্তির আশঙ্কা থাকে না, তা শরীয়তের দৃষ্টিতে উপেক্ষা করার কারণ নেই।
এই নীতির আলোকে, সিসিটিভি ফুটেজকেও আধুনিক যুগে ‘কারণভিত্তিক প্রমাণ’ (قرينة قوية) হিসেবে বিবেচনা করা যেতে পারে।
সমসাময়িক ফিকহী মতামত
ইসলামিক ফিকহ অ্যাকাডেমি (OIC, জেদ্দা) ১৯৯৮ সালের এক প্রস্তাবে অ্যাকাডেমি ঘোষণা দেয়—‘সিসিটিভি বা অডিও-ভিডিও রেকর্ড যদি বিকৃত না হয় এবং প্রযুক্তিগতভাবে যাচাই করা যায়, তবে তা সহায়ক প্রমাণ (قرينة) হিসেবে আদালতে গ্রহণযোগ্য।’
একই মত প্রকাশ করেছে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় ও সৌদি আরবের দারুল ইফতা। তাদের মতে, ডিজিটাল প্রমাণ সত্য প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে, যদি যাচাই-বাছাই করে তা নির্ভুল বলে প্রমাণিত হয়।
গ্রহণযোগ্যতার শর্ত
সিসিটিভি ফুটেজকে প্রমাণ হিসেবে গ্রহণ করতে হলে কিছু মৌলিক নীতি মানতে হয়—
1️⃣ সত্যতা নিশ্চিত করতে হবে — ফুটেজ বিকৃত বা সম্পাদিত নয় তা প্রমাণ করতে হবে।
2️⃣ বিশ্বাসযোগ্য উৎস হতে হবে — যেমন সরকারি সংস্থা বা আদালতনির্ধারিত কর্তৃপক্ষ।
3️⃣ অন্যান্য সাক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে।
4️⃣ সহায়ক দলিল হিসেবে ব্যবহারযোগ্য, একক সাক্ষ্য নয়—বিশেষত হুদুদ বা কিসাস মামলায়।
সীমাবদ্ধতা
ইসলামী ফৌজদারি আইনে কিছু অপরাধের সাক্ষ্যশর্ত অত্যন্ত কঠোর—যেমন ব্যভিচার (যিনা), চুরি, হত্যা ইত্যাদি। এসব ক্ষেত্রে কেবল ভিডিও বা ছবি যথেষ্ট নয়; প্রত্যক্ষ সাক্ষী থাকা জরুরি।
যিনার বিষয়ে কুরআনের নির্দেশ অত্যন্ত স্পষ্ট—‘তোমাদের মধ্যে যারা ব্যভিচারে অভিযুক্ত তাদের বিরুদ্ধে তোমরা চারজন সাক্ষী উপস্থিত করো।’ (সূরা আন-নূর, আয়াত ৪)
সুতরাং, যিনা প্রমাণিত হওয়ার জন্য চারজন বালেগ, ন্যায়পরায়ণ, মুসলিম সাক্ষীর সরাসরি ঘটনাটি দেখা ও আদালতে সাক্ষ্য প্রদান আবশ্যক। ভিডিও ফুটেজে এই শর্ত পূরণ হয় না, কারণ এটি প্রত্যক্ষ দেখা নয়; বরং ঘটনার চিত্রায়ন, যেখানে প্রতারণা, সম্পাদনা ও জালিয়াতির সুযোগ থাকে। ফলে, ভিডিও ফুটেজ দ্বারা যিনা বা হুদুদ-সংক্রান্ত অপরাধ সাব্যস্ত হয় না এবং শরয়ী শাস্তি প্রয়োগ করা যায় না। তাছাড়া, বাংলাদেশে ইসলামী হুকুমত অনুপস্থিত, তাই শরয়ী শাস্তি কার্যকর করার প্রশ্নই আসে না। তবে প্রশাসনিক বা সামাজিক বিচারে ভিডিও প্রমাণ সহায়ক উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে।
ইসলামী দৃষ্টিকোণ থেকে ভারসাম্য
ইসলাম যেমন সত্য গোপন করা নিষিদ্ধ করেছে, তেমনি মিথ্যা সাক্ষ্যকেও বড় গুনাহ হিসেবে ঘোষণা করেছে, ‘মিথ্যা সাক্ষ্য দেওয়া শিরকের সমান বড় পাপ।’ (সহিহ বুখারি)
অতএব, প্রযুক্তিনির্ভর কোনো প্রমাণ যদি সত্য উদঘাটনে সহায়ক হয় এবং বিকৃতিমুক্ত থাকে, তবে তা শরীয়তের মৌল উদ্দেশ্য—ন্যায়বিচার প্রতিষ্ঠা (إقامة العدل)—এর পরিপন্থী নয়, বরং সহায়ক।
উপসংহার
ইসলাম কোনো একক প্রমাণ পদ্ধতিকে চূড়ান্ত ঘোষণা দেয়নি। বরং এর মূল লক্ষ্য হলো সত্য প্রতিষ্ঠা ও মিথ্যা প্রতিরোধ।
সুতরাং, সিসিটিভি ফুটেজ শরিয়তের দৃষ্টিতে শর্তসাপেক্ষে গ্রহণযোগ্য দলিল—
- এটি একক সাক্ষ্য নয়, বরং সহায়ক প্রমাণ;
- যদি এর সত্যতা যাচাই করা যায়;
- এবং তা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক হয়।
অপরদিকে, যিনা ও হুদুদ-সংক্রান্ত অপরাধে এটি প্রমাণ হিসেবে যথেষ্ট নয়; শরীয়তনির্ধারিত সাক্ষ্যশর্ত অপরিবর্তনীয়। এককথায়, সিসিটিভি ফুটেজ ইসলামি শরিয়তে বাতিল নয়; বরং শর্তসাপেক্ষে এটি সত্য উদঘাটনের বৈধ ও গ্রহণযোগ্য উপায়।
প্রমাণ্য গ্রন্থাবলী
- আল কুরআন: সূরা নিসা ৪:১৩৫, সূরা নূর ৪
- তাফসীরে জালালাইন ৪/৪৮৫
- তাফসীরে আনওয়ারুল কুরআন ৪/৩১৮
- ফতোয়ায়ে শামী ৫/৪৩৫
- ফতোয়ায়ে হক্কানিয়া ৫/৫১৬
- ফতোয়ায়ে কাসেমীয়া ২/৫৮৫
- ফতোয়ায়ে মাদানিয়া ৫/৩১১
- বাদায়েউস সানায়ে ৫/৪০১
- শরহুল মাজাল্লাহ ৫/১৯৯
- আল আশবাহ ওয়ান নাজায়ের, পৃ. ১৯৩
- আল জাওহারাতুন নাইয়্যিরাহ ৪/৮৯
- জাদীদ ফিকহী মাসায়িল ১/৪৪৭
হাআমা/
