বিএনপি না জামায়াত কার সঙ্গে জোটে যাচ্ছে কওমি ঘরানার ইসলামী দলগুলো?

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম শুরু হবে, তবে আগের তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবার রাখা হবে না।

এদিকে নির্বাচনের প্রস্তুতির সঙ্গে সমান্তরালভাবে দেশের কওমি ঘরানার ইসলামী দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় রয়েছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস।

বিএনপির সঙ্গে দূরত্ব, জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা?

ইসলামী দলগুলোর সূত্রে জানা যায়, বিএনপিতে বামপন্থী প্রভাব এবং ইসলামী রাজনীতির অবমূল্যায়ন তাদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। ফলে বিএনপির সঙ্গে নির্বাচনী জোটের সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ।

অন্যদিকে, একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, কওমি ঘরানার অধিকাংশ বড় দল দেওবন্দ আদর্শের অনুসারী, যাদের সঙ্গে জামায়াতের মওদুদী মতবাদ নিয়ে দীর্ঘদিনের মতভেদ থাকলেও এবার সেই আকিদাগত বিভেদ সরিয়ে রেখে জামায়াতের সঙ্গে আসনভিত্তিক সমঝোতার পথে এগোচ্ছে পাঁচটি ইসলামী দল।

সূত্র অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করছে ১০০টি আসন, মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস চাইছে ৫০টি আসন, আর বাকি তিন দলের দাবি ৭০–৮০টি আসন।

তবে এই সমঝোতা এখনো চূড়ান্ত নয় বলে একাধিক ইসলামী দলগুলোর একাধিক সূত্র ৩৬ নিউজকে জানিয়েছে।

অভিন্ন প্ল্যাটফর্মে ইসলামী ঐক্যের প্রচেষ্টা

ইসলামী দলগুলোর নেতারা জানিয়েছেন, তারা ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায়ে একত্র হচ্ছেন, এবং এটি পূর্ণাঙ্গ জোট নয়, বরং আসনভিত্তিক সমঝোতা হবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার ঘোষণা আসবে বলে জানা গেছে।

ইতিমধ্যে জামায়াত শরিক দলগুলোর কাছে শতাধিক আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘বৃহত্তর ইসলামী স্বার্থে আমরা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হচ্ছি। অর্ধশতাধিক প্রার্থী রয়েছে, যারা শক্ত অবস্থান নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছে।’

ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘প্রতিটি আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে। যেখানে যে দলের সম্ভাবনা বেশি, সেখানেই তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কেউ বেশি পাবে, কেউ কম পাবে—এটাই বাস্তবতা। তফসিল ঘোষণার পর সমঝোতার অবস্থান স্পষ্ট করা হবে।’

বিএনপির পাল্টা কৌশল

অন্যদিকে, ইসলামী ভোটব্যাংক ধরে রাখতে বিএনপিও সক্রিয় হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে জমিয়তে উলামায়ে ইসলামীর চার নেতাকে নির্বাচনী কাজে যুক্ত হওয়ার অনুমতি দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ভোটের মাঠে জামায়াত জোটের তেমন প্রভাব নেই। অনেক জিরো যোগ করলে ফল জিরোই থাকে। বিএনপিও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। তবে নির্বাচনের আগে ইসলামের জিকির তুলে রাজনীতি করা দেশের জন্য সঠিক আচরণ নয়।’

জোটে কার সঙ্গে যাচ্ছে জমিয়ত?

প্রাচীন ইসলামী দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বর্তমানে দুটি ভাগে বিভক্ত। দলদুটো অন্যান্য ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনে শরীক নয়।

জমিয়ত (আল্লামা নূর হুসাইন কাসেমী) গ্রুপের একাধিক সূত্র ৩৬ নিউজকে বলেন, ‘আমরা জামায়াতের সঙ্গে কোনো জোটে যাচ্ছি না। আসন সমঝোতার বিষয়ে বিএনপির সঙ্গেই আলোচনা চলছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।’

অন্যদিকে জমিয়ত (মুফতি ওয়াক্কাস) গ্রুপের একাধিক সূত্র জানায়, ‘আমরা শুরু থেকেই বিএনপির সঙ্গে আছি এবং থাকবো। ইতোমধ্যে দলটির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আসন সমঝোতার প্রস্তাব পাঠানো হয়েছে।’

নেতৃত্বের প্রশ্নে অনিশ্চয়তা

ইসলামী জোটে এখনো একক নেতৃত্ব বা সম্ভাব্য সরকারপ্রধানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আসন সমঝোতা নিয়ে আলোচনা চললেও, কে নেতৃত্ব দেবেন—প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা হিসেবে—তা নিয়ে ঐকমত্যে পৌঁছায়নি।

কওমি ঘরানার ইসলামী দলগুলো আপাতত জামায়াতের নেতৃত্বে আসনভিত্তিক সমঝোতার দিকে ঝুঁকছে, তবে জমিয়তের উভয় গ্রুপ বিএনপির সঙ্গেই থাকার সিদ্ধান্তে অনড়। অন্যদিকে বিএনপি কওমি আলেমদের যুক্ত করে ইসলামী ভোটব্যাংকে প্রভাব ধরে রাখতে কৌশল নিয়েছে।

চূড়ান্ত অবস্থান স্পষ্ট হবে নির্বাচনী তফসিল ঘোষণার পর—তখনই জানা যাবে, কওমি ইসলামী দলগুলো জামায়াতের পাশে দাঁড়াবে, নাকি বিএনপির সঙ্গেই থেকে নতুন রাজনৈতিক ভারসাম্য গড়বে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222