ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজধানীতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান পূর্ব সমাবেশে বক্তব্যকালে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়।
প্রাথমিক পরীক্ষায় তাঁর হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।
দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানিয়েছেন, মাওলানা গাজী আতাউর রহমান বর্তমানে মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি নেতা–কর্মী ও দেশবাসীর কাছে গাজী আতাউর রহমানের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও তাঁর সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
হাআমা/
