যুক্তরাজ্যে মসজিদে হামলা বেড়েছে, ৩ মাসে ২৫টি মসজিদে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা

by amirulislamluqman20@gmail.com

গত ৩ মাসে যুক্তরাজ্যজুড়ে মসজিদে হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। ধর্মীয় ও জাতীয় প্রতীক ব্যবহার করে মুসলমানদের ভয় দেখানো ও হুমকি দেওয়ার প্রবণতা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ মুসলিম ট্রাস্ট (BMT)।

সংগঠনটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জুলাই থেকে অক্টোবরের শেষ পর্যন্ত দেশজুড়ে অন্তত ২৭টি নিশ্চিত হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব হামলার মধ্যে ৩টি ঘটনায় একই মসজিদে একাধিকবার হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব হামলায় অগ্নিসংযোগের চেষ্টা, পাথর ও ধারালো বস্তু নিক্ষেপ, ঘৃণাত্মক গ্রাফিতি ও জাতীয় পতাকা বা খ্রিষ্টীয় প্রতীক টানানোর মতো ঘটনা ঘটেছে। অথচ এর আগের ৬ মাসে প্রকাশ্য তথ্যে ৪টির বেশি মসজিদে হামলার প্রমাণ পাওয়া যায়নি।

BMT জানায়, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ইসলামবিরোধী ঘৃণামূলক কর্মকাণ্ড ‘দেশজুড়ে উল্লেখযোগ্য বৃদ্ধি’ লক্ষ্য করা গেছে।

মোট ২৩টি এলাকায় ২৫টি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। হামলার ৪০ শতাংশেরও বেশি ক্ষেত্রে জাতীয় পতাকা, খ্রিষ্টীয় প্রতীক বা স্লোগান ব্যবহার করা হয়েছে, আর ১১ শতাংশ ঘটনায় ঘৃণাত্মক গ্রাফিতি আঁকা হয়েছে।

সব রেকর্ডকৃত ঘটনার এক-চতুর্থাংশেরও বেশি ছিল সহিংস প্রকৃতির। জুলাই মাসে একটি ঘটনার পর আগস্টে হঠাৎই হামলার সংখ্যা বেড়ে ৭টিতে পৌঁছায়, আর সেপ্টেম্বর ও অক্টোবরে তা বেড়ে ৯টি করে হামলায় দাঁড়ায়।

প্রতিবেদন অনুযায়ী, হামলার ধরনও বদলেছে, সাধারণ ভাঙচুর থেকে তা এখন ‘সংগঠিত প্রতীকী হুমকি ও সহিংস হামলায়’ রূপ নিয়েছে। কিছু ঘটনায় অগ্নিসংযোগ ও একই মসজিদে পুনরায় হামলার ঘটনাও ঘটেছে।

BMT এই হামলাগুলোর পেছনে গ্রীষ্মকালীন দুই জাতীয়তাবাদী প্রচারণা- ‘রাইজ দ্য কালার্স’ ও ‘ইউনাইট দ্য কিংডম র‍্যালি’- কে প্রভাবশালী প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করেছে।

যদিও আয়োজকেরা এগুলোকে জাতীয় ঐক্যের দাবিতে আয়োজিত সমাবেশ হিসেবে উপস্থাপন করেছিলেন তবে BMT বলছে, ‘এই আন্দোলনগুলো এমন সময়ে ঘটেছে যখন পতাকা নিজেই জাতিগত জাতীয়তাবাদের হুমকির প্রতীক হয়ে উঠেছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, অনেক মুসলমানের কাছে এই ঘটনাগুলো কাকতালীয় নয়; বরং তাদের ধর্মীয় পরিচয়ের কারণে ব্রিটিশ সমাজে তাদের অন্তর্ভুক্তি যে প্রশ্নের মুখে, তার স্পষ্ট ইঙ্গিত।

BMT- এর প্রধান নির্বাহী আকিলা আহমদ বলেন, ‘এই গ্রীষ্মের তথ্য-প্রমাণ অস্বীকার করার উপায় নেই- যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষ এখন আরও প্রকটভাবে সামনে আসছে এবং মসজিদগুলো ব্যাপকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সংকট একেবারেই অসহনীয় হয়ে উঠেছে। অবিলম্বে ও স্থায়ী পদক্ষেপ নেওয়া জরুরি। আমরা ঘৃণামূলক ঘটনাগুলোর পর্যবেক্ষণ ও স্বচ্ছ তথ্য সরবরাহ অব্যাহত রাখব, তবে এখন সবচেয়ে প্রয়োজন এই তথ্যের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।’

সূত্র: টিআরটি গ্লোবাল।

অনুবাদ: আমিরুল ইসলাম ‍লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222