পাকিস্তানি পেসার নাসিম শাহর বাড়িতে হামলা

by naymurbd1999@gmail.com

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে জাতীয় দলের সঙ্গে আছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। এই ফাস্ট বোলার যখন জাতীয় দলের হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন, তাঁর বাড়িতে তখন ভয়াবহ এক হামলা হলো।

সোমবার সকালে খাইবার পাখতুনখারার লোয়ার দিরের মায়ার এলাকায় নাসিম শাহ এর বাড়িতে বন্দুক হামলা চালানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচজন অজানা বন্দুকধারী বাড়িতে গুলি চালানোর পর সেখান থেকে পালিয়ে যায়। হামলাকারীরা বাড়িতে পার্ক করা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে এবং জানালা ভেঙেছে।

বিজ্ঞাপন
banner

একটি ভিডিওতে দেখা গেছে, নাসিম শাহের বাড়ির প্রধান দরজায় গুলির চিহ্ন আছে। অবশ্য সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হয়নি। নাসিম শাহ ২০০৩ সালে এই বাড়িতে জন্মগ্রহণ করেন।

বন্দুক হামলার ঘটনায় পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা ট্রিবিউনকে এক পুলিশ মুখপাত্র জানিয়েছেন,

‘অজ্ঞাত হামলাকারীরা জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার নাসিম শাহের বাড়িতে গুলি চালিয়েছে। গুলিতে প্রধান দরজা, জানালা এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পাঁচজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। মায়ার থানা একটি মামলা রুজু করেছে, এবং হামলাকারীদের গ্রেপ্তারের জন্য আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

স্থানীয় পুলিশের মতে, যদিও তারা দ্রুত পৌঁছায়, হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মায়ার থানা পাঁচজন সন্দেহভাজনকে আটক করে এবং তদন্ত শুরু করে। পুলিশ সিসিটিভি ফুটেজ যাচাই করছে হামলাকারীদের সনাক্ত করার জন্য। স্থানীয়রা জানায়, ওই পরিবার শান্তিপ্রিয় এবং সম্প্রদায়ের সঙ্গে তাদের কোন শত্রুতা নেই। এই ঘটনার পর এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে, বিশেষ করে নাসিম শাহের বাড়ির আশেপাশে।

লোয়ার দির বা খাইবার পাখতুনখারার আগে থেকেই অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। গত সেপ্টেম্বর পাকিস্তানি নিরাপত্তা বাহিনী একটি সন্ত্রাস বিরোধী অভিযান চালায়, যাতে ১৪ জন আহত এবং সাতজন দির স্কাউট নিহত হয়। ২০১১ সালে লোয়ার দিরে বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়।

নাসিম শাহ সব সংস্করণে পাকিস্তানের নিয়মিত সদস্য। ২০১৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২০টি টেস্ট, ৩২টি ওডিআই এবং ৩২টি টি-টিয়োন্টি ম্যাচ খেলেছেন ২২ বছর ডান হাতি পেসার। সব ফরম্যাট মিলিয়ে মোট ১৪৬টি উইকেট নিয়েছেন তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222