ইস্তাম্বুলে আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা শুরু

by hsnalmahmud@gmail.com

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা এখনো অঞ্চলটির অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। এই উত্তেজনা কমাতে নতুন উদ্যোগ হিসেবে ইস্তাম্বুলে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পিতবার (৩০ এপ্রিল) আফগান সংবাদমাধ্যম টোলোনিউজে এক প্রতিবেদনে তথ্য জানানোহয়েছে।

বিজ্ঞাপন
banner

টোলো জানায়, তুরস্কের একটি সংস্থা আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য উভয় দেশের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞকে ইস্তাম্বুলে আমন্ত্রণ জানিয়েছে।

সূত্রের তথ্যমতে, এ আলোচনায় আফগানিস্তান থেকে আতিফ মাশাল, উবাইদুল্লাহ বাহির, জাফর মাহদাভি ও গনচা গুল অংশ নিচ্ছেন। অন্যদিকে পাকিস্তান থেকে আসিফ দুররানি, মুশাহিদ হুসেইন সাইয়্যেদ এবং হামিদ মীর উপস্থিত রয়েছেন।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক সরওয়ার নিয়াজি বলেন, তুরস্ক যদি সত্যিই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপ আয়োজন করতে চায়, তাহলে কেন এমন ব্যক্তিদের সঙ্গে আলোচনা হচ্ছে, যাদের কোনো ক্ষমতা বা সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নেই? তার মতে, দুই দেশের মূল সমস্যা উভয় সরকারের আনুষ্ঠানিক প্রতিনিধিদের মাধ্যমেই এবং পূর্বঘোষিত কাঠামোর অধীনে সমাধান করা উচিত।

এদিকে তুরস্কের ‘মানবাধিকার ও স্বাধীনতা ফাউন্ডেশন’ জানিয়েছে, এ আলোচনা হচ্ছে ‘ট্র্যাক ১.৫’ কাঠামোর অধীনে। এই ধরনের বৈঠকে সাবেক কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং সরকারঘনিষ্ঠ কিছু ব্যক্তিত্ব আনুষ্ঠানিক কূটনৈতিক সীমাবদ্ধতা ছাড়াই সংবেদনশীল ইস্যুতে মতবিনিময় করেন।

ফাউন্ডেশনটি আরও জানায়, বৈঠকে সংকট নিরসন, মতবিরোধের মূল কারণ বিশ্লেষণ এবং কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কমানোর বাস্তব উপায় খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক সেমিউল্লাহ আহমাদজি মনে করেন, পাকিস্তানের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমেই সংকট সমাধান সম্ভব। তার মতে, বর্তমান উত্তেজনা নিরসনে আলোচনাই প্রধান পথ হওয়া উচিত।

উল্লেখ্য, আফগানিস্তানে সফরকালে ব্রিটেনের বিশেষ দূত রিচার্ড লিন্ডজি কাবুলে বলেন, কাবুল ও ইসলামাবাদকে বিরোধ নিষ্পত্তি এবং সংঘাত অবসানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, উরুমচিতে অনুষ্ঠিত আলোচনা ইতিবাচক অগ্রগতি বয়ে আনবে।

রিচার্ড লিন্ডজি আরও বলেন, তিনি আফগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন এবং তাদের সংলাপ ও কূটনীতির পথ পুনরায় শুরু করতে উৎসাহিত করেছেন। পাশাপাশি সংঘর্ষের ঘটনায় বেসামরিক মানুষের প্রাণহানির জন্য তিনি দুঃখ ও সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, উভয় পক্ষকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে বেসামরিক জনগণের আরও প্রাণহানি রোধ করা যায়—তা সন্ত্রাসী হামলা হোক বা সামরিক অভিযানের ফলেই হোক।

উল্লেখ্য, উরুমচিতে আফগান ও পাকিস্তানি প্রতিনিধিদের মধ্যে এক সপ্তাহব্যাপী পরামর্শের পর কিছুটা উত্তেজনা কমলেও পরবর্তীতে পাকিস্তানের সামরিক অভিযানের কারণে পরিস্থিতি আবারও জটিল হয়ে ওঠে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222