আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাবুলে পাকিস্তান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে সাম্প্রতিক কয়েকটি ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আরিয়ানা নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরিয়ানা জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কুনার প্রদেশে বেসামরিক স্থাপনা ও জনসাধারণের অবকাঠামো লক্ষ্য করে পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার অভিযোগের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলায় সাইয়্যিদ জামালুদ্দিন আফগান বিশ্ববিদ্যালয় এবং বিতর্কিত ডুরান্ড লাইনের আশপাশের এলাকাও লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করা হয়।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাগুলোর তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এসব হামলা আফগানিস্তানের আকাশসীমা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি এটি আন্তর্জাতিক নীতি ও নিয়মের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আফগান ভূখণ্ড থেকে সহিংসতার সূত্রপাত হচ্ছে—ইসলামাবাদের এমন দাবিও প্রত্যাখ্যান করেছে কাবুল। একইসঙ্গে পরিস্থিতির মূল কারণ গভীরভাবে পর্যালোচনা করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে যে, আফগানিস্তান তার ভূখণ্ড ও জনগণ রক্ষায় বৈধ অধিকার সংরক্ষণ করে এবং পাকিস্তানকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
এছাড়া মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড’ অব্যাহত থাকলে তা গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে।
উল্লেখ্য, ডুরান্ড লাইন সংলগ্ন এলাকায় চলমান নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আরিয়ানা নিউজ
অনুবাদ: আব্দুল্লাহ কাসিম
হাআমা/
