প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় যা বলছে রাজনৈতিক দলগুলো

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

জাতীয় জুলাই সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ গেজেট আকারে প্রকাশ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর একে একে প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ মাঠের আট দলই ভাষণের বিভিন্ন দিক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
banner

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়টি সংসদীয় পর্যায়ে নিষ্পত্তি হয়েছিল। এখন নতুন করে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন সম্পূর্ণ নতুন ধারণা এবং পূর্ববর্তী ঐকমত্যের পরিপন্থী।” তিনি জানান, এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাতেই স্থায়ী কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে।

জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে ভোটের প্রক্রিয়া বিভ্রান্তিকর হয়ে উঠবে। ভোটকেন্দ্রে কোনো সমস্যা হলে গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে।”

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন জাতির সাথে তামাশার শামিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন ঘোষণা দেশবাসির প্রত্যাশা ছিলো না।’

‘স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। দীর্ঘ এতো বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো তারা সকলেই ছিলো ক্ষমতাপ্রেমি। তাদের মধ্যে ন্যূনতমও দেশপ্রেম নেই। সময় এসেছে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার। দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধ হলে ক্ষমতাপ্রেমিরা পালানোর সুযোগও পাবে না।’- বলেন তিনি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক তার প্রতিক্রিয়ায় বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার ঘোষণা দিয়ে সরকার জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ঝুঁকির মুখে ফেলেছে। এতে গণভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।” তিনি আরও জানান, “জুলাই সনদ বাস্তবায়নে যদি সরকার স্বতন্ত্র গণভোটের দাবি পূরণ না করে, তবে সেটি জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে ক্ষুণ্ণ করবে।”

অন্যদিকে খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির সিদ্ধান্ত ইতিবাচক হলেও একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন যুক্তিযুক্ত নয়। এতে প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে।”

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা দলীয় ফোরামে আলোচনা করে পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান, “প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়টি নিয়ে এখনো আলোচনায় রয়েছি।”

সার্বিকভাবে বলা যায়, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং একই দিনে নির্বাচন-গণভোট আয়োজনের সিদ্ধান্তকে অধিকাংশ রাজনৈতিক দলই প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হিসেবে দেখছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222