গাজায় যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘন থামছে না ইসরায়েলের। একই সঙ্গে পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ ইহুদি বসতকারীদের হামলা অব্যাহত রয়েছে।
পশ্চিম তীরের উত্তরাঞ্চলের দেইর ইস্তিয়া গ্রামে ইহুদি বসতকারীরা একটি মসজিদে হামলা চালিয়েছে। তারা মসজিদের ভেতরে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং দেয়ালে মুসলিমবিদ্বেষী স্লোগান লিখে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
অন্যদিকে, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালিয়ে কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে।
গাজার পরিস্থিতিও উত্তপ্ত রয়েছে। আজকে ইসরায়েলি সেনাবাহিনী ৩টি স্থানে হামলা পরিচালনা করেছে। খান ইউনুস এলাকার আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে।
ইসরায়েলি সেনা ও বসতকারীদের এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মসজিদে হামলাকে ঘৃণাভিত্তিক অপরাধ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
