ইরানের সামরিক শক্তির তীব্র সমালোচনা করে দেশটিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে আসতে ইরান অনেক বেশি সময় নষ্ট করেছে এবং এখন এই ভুলের জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।
বুধবার (১০ জুন) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে আগের দাবিগুলোর পুনরাবৃত্তি করে উল্লেখ করেন যে, ইরানের সামরিক বাহিনী এখন সম্পূর্ণ বিশৃঙ্খলা ও চরম সংকটের মধ্যে রয়েছে। দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনী বলতে এখন আর কিছুই অবশিষ্ট নেই এবং ইরানকে পুরোপুরি পরাজিত করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট তার বার্তায় ইরানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ইরান শুধু মুখের কথায় পটু, কিন্তু বাস্তবে কিছুই করতে পারে না। এক সময় মধ্যপ্রাচ্যের যে মাস্তান ভাব তারা দেখাত, সেটি এখন সম্পূর্ণ মৃত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে একটি সম্মানজনক ও ভালো চুক্তিতে আসার সুযোগ ইরান অনেক আগেই পেয়েছিল। কিন্তু তারা অযথা সময়ক্ষেপণ করে সেই সুযোগ হাতছাড়া করেছে। এখন তাদের সেই ঐতিহাসিক ভুলের খেসারত দিতে হবে। তবে চড়া মূল্য বলতে মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে ঠিক কী ধরনের সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপের কথা ভাবছে, সে ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে বিস্তারিত কোনো তথ্য দেননি। ট্রাম্পের এমন আকস্মিক ও আক্রমণাত্মক মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা
টিএইচএ/
