পঞ্চগড়ে টানা ছয় দিন ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ

by Fatih Work

হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। এতে এলাকায় শীতের আমেজ বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন
banner

এদিকে, কয়েকদিন ধরে সন্ধ্যার পর হালকা কুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা। ভোরে সূর্য ওঠার সঙ্গে ঠান্ডার মাত্রা কিছুটা কমে গেলেও সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের কারণে গরম অনুভূত হয়। সাম্প্রতিক দিনগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হচ্ছে।

দিনে গরম ও রাতে ঠান্ডার এ বৈচিত্র্যের প্রভাবে শীতজনিত রোগ বাড়ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী সর্দি-কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন শীতজনিত সমস্যায় চিকিৎসা নিচ্ছেন। শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককে হাসপাতালের মেঝে বা বারান্দায় জায়গা নিতে হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়ায় শীতের তীব্রতা স্বাভাবিকভাবেই বেশি। চলতি কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তিনি আরও বলেন, চলতি মাসের শেষ দিকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222