আল্লাহ নিয়ে কটূক্তিকারী আবুল সরকার লীগ এমপি মমতাজের ঘনিষ্ঠ অনুসারী

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

আল্লাহ রাব্বুল আলামীন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেওয়া বাউলশিল্পী আবুল সরকারকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন—তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এমপি ও শিল্পী মমতাজ বেগমের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।

বিজ্ঞাপন
banner

মমতাজকে ‘মা’ সম্বোধন—মঞ্চে ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল

দুই বছর আগের একটি ভিডিওতে দেখা যায়, শিল্পী ও তৎকালীন আওয়ামী লীগ এমপি মমতাজ বেগমের হাত ধরে তাকে মঞ্চে উঠতে সাহায্য করছেন আবুল সরকার। এসময় তিনি বলেন—‘আজকে আমার এমন আনন্দের দিন, যে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। আমার মা মমতাজ বেগম আসছে পদধূলি দিতে—আমি ধন্য হয়ে গেছি।’

জবাবে মমতাজ বলেন—‘বাউল সম্রাট আব্দুর রশীদ বয়াতীর যোগ্য শিষ্য আবুল সরকারের বাড়িতে আসতে পেরে আমরা আনন্দিত। প্রয়োজন হলে আমি আর আবুল সরকার একসাথে গান গাইবো।’

মঞ্চে ঘনিষ্ঠ অবস্থায় বাউল শিল্পী আবুল সরকার ও লীগ এমপি মমতাজ বেগম। ছবি: ইউটিউব

লীগ আমলে ধর্মপ্রাণ মানুষকে হুমকি–ধমকি দিতো: স্থানীয়দের অভিযোগ

মানিকগঞ্জের এক বাসিন্দা জানান, আওয়ামী লীগ আমলে আবুল সরকার ও তার অনুসারীরা ধর্মপ্রাণ মানুষের ওপর নানা হয়রানি, হুমকি এবং শিরক–বেদআত প্রচারের কাজ করতেন। অভিযোগ রয়েছে, মমতাজ বেগমের প্রাক্তন স্বামী রশীদ বয়াতীর ছেলে বাশার বয়াতী অস্ত্রসহ প্রকাশ্যে ঘোরাফেরা করতেন এবং ইসলামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিতেন।

ঘটনার দিন উত্তেজনা ও সংঘর্ষ

মানিকগঞ্জ জেলা হেফাজতে ইসলামের দফতর সম্পাদক মাওলানা আব্দুল মতীন জানান, পুলিশ তাদের কর্মসূচির সময় নির্ধারণ করেছিল সকাল ৯টা–১১টা। এরপর সাড়ে ১১টায় কাছাকাছি স্থানে বাউলদের অনুষ্ঠান ছিল। স্থানীয় ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগমে কোর্ট চত্বর ছাড়িয়ে আশপাশেও ভিড় ছড়িয়ে পড়ে।

এসময় পাশের বিজয় মেলা মাঠে অবস্থান নেওয়া কিছু বাউল লাঠিসোটা নিয়ে উত্তেজনা ছড়ালে পরিস্থিতি বেগতিক হয়। আবুল সরকারের কটূক্তিতে ক্ষুব্ধ জনতা ওই উস্কানি সহ্য করতে না পেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষেই হতাহতের ঘটনা ঘটে।

আরেক বাসিন্দা বরকতউল্লাহ বলেন, “আমরা সবাই স্থানীয় ছিলাম। বাউলরা এসেছিল সারা দেশের বিভিন্ন মাজার–কেন্দ্র থেকে।”

বর্তমানে কেমন পরিস্থিতে আছেন জানতে চাইলে মাওলানা আব্দুল মতীন জানান, ‘বর্তমানে পরিস্থিতি নাজুক। আমাদের ২ শত জনের নামে অজ্ঞাত মামলা দিয়েছে। পুলিশ বলছে উপদেষ্টাদের পক্ষ থেকে চাপ দিচ্ছে আমাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার দেখাতে।’

মঞ্চে মমতাজ বেগমের হাত ধরে আছে আল্লাহ নিয়ে জঘন্য কটূক্তিকারী বাউল আবুল সরকার

আবুল সরকারের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে: হেফাজত

এদিকে আবুল সরকারের কঠোর শাস্তি জানিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ৩৬ নিউজকে বলেন, ‘আল্লাহর শানে বেয়াদবকারী আবুল সরকারে শাস্তি হওয়া দরকার। আমরা মনে করি, এই আবুল সরকারকে দিয়ে একটা পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি ঘটাতে চাচ্ছে। ইসলামপন্থীদের উস্কে দিয়ে দেশে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরী করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে চায়। এজন্য প্রশাসন যেন আবুল সরকার ও তার দোসরদের গ্রেফতার করে। আর আলেমওলামাদের যেন হয়রানি না করে।’

‘সাধারণ আলেমসমাজ’-এর ক্ষোভ 

জুলাই বিপ্লব–পরবর্তী সক্রিয় সংগঠন সাধারণ আলেমসমাজ বলেছে, আবুল সরকারের মন্তব্য শুধু ফৌজদারি অপরাধ নয়, এটি কোটি মুসলিমের হৃদয়ে আঘাত। তারা অভিযোগ করেন—কিছু মহল পরিকল্পিতভাবে ঘটনাকে ‘কথিত ধর্ম অবমাননা’ বা ‘শিল্পীর স্বাধীনতা’ হিসেবে উপস্থাপন করে মূল অপরাধ আড়াল করতে চাচ্ছে।

তাদের ভাষ্য—অভিযুক্ত পক্ষ ও তাদের সমর্থকরা “ভিক্টিম কার্ড” ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের বিবৃতি

দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে দ্রুত বিচার দাবি করেছে। সংগঠনের আমির ড. শহীদুল ইসলাম ফারুকী বলেন, “উস্কানিমূলক আচরণ বা পাল্টা প্রতিক্রিয়া পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। স্থানীয় আলেম, সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও প্রশাসনের সমন্বয়ই উত্তম সমাধান।”

তিনি গণমাধ্যমকে একপাক্ষিক বা উস্কানিমূলক উপস্থাপন থেকে বিরত থাকার আহ্বান জানান।

চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের প্রতিক্রিয়া

পরিচালক অনন্য মামুন নিজের ফেসবুকে লেখেন—‘শিল্পী বলে কাউকে ছাড় দেওয়া যায় না। আল্লাহকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, তার প্রাপ্য শাস্তি না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে।”

তিনি আরও বলেন—ভিডিওতে ব্যবহৃত ভাষা ছিল “চরম বাজে লেভেলের”, তাই তার পাশে দাঁড়ানোর প্রশ্নই আসে না।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222