কানাডার শহর অটোয়ায় খালিস্তান ইস্যুতে একটি বড় গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে ৫৩ হাজারের বেশি শিখ ভারতীয় নীতির বিরুদ্ধে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গণভোট চলাকালীন শিখ সম্প্রদায় ভারতের সরকারের দমনমূলক পদক্ষেপ ও মোদি সরকারের নীতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানায়।
আলাদা রাষ্ট্রের দাবিতে কাজ করা সংগঠন ‘শিখ ফর জাস্টিস’ (SFJ) এর মতে, প্রচণ্ড শীতের মাঝেও হাজারো শিখ দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ভোট দেন।
সংগঠনের প্রধান গুরপতন্ত সিং পনুন গণভোটকে ‘হিন্দুত্ববাদী সন্ত্রাসী মোদির গুলি ও বোমার জবাব’ বলে অভিহিত করে বলেন যে, মোদি সরকারের ‘রাজনৈতিক পরিণতি’ কেবল ব্যালট এবং আন্তর্জাতিক জবাবদিহিতার মাধ্যমেই সম্ভব।
গুরপতন্ত সিং পনুন আরও বলেন, ১৯৮৪ সালের শিখ গণহত্যার পর এখন ভারত সরকার অর্থনৈতিক চাপ ও শোষণের মাধ্যমে পাঞ্জাবে শিখদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তার দাবি, কানাডার গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই ভারতীয় নেটওয়ার্ক শনাক্ত করেছে, যারা নাকি শিখদের হত্যাকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।
শিখ ফর জাস্টিসের মতে, ভারতীয় রাষ্ট্রীয় নিপীড়ন ও রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও খালিস্তান আন্দোলন আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত শক্তিশালী হচ্ছে এবং বিপুল সংখ্যক শিখ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সক্রিয় হয়ে উঠেছেন।
সূত্র: এক্সপ্রেস নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
