বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চেয়ারপারসন যেন সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন এজন্য সবাই তার জন্য দোয়া করুন।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দোয়া মোনাজাত শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গত দুদিন ধরে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল (২৭ নভেম্বর) রাতেই ডাক্তাররা বলেছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। দেশের জন্য তিনি নির্যাতন, সংগ্রাম, কারাভোগ করেছেন। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জনগণের কাছে দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব।
উল্লেখ্য, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দলটির পক্ষ থেকে।
এআইএল/
