অক্সফোর্ড ইউনিয়নে অনুষ্ঠিত পাক–ভারত বিতর্কে পাকিস্তানি শিক্ষার্থীরা ভারতীয় প্যানেলকে বিপুল ব্যবধানে হারিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ‘ভারতের পাকিস্তান–বিষয়ক নীতি মূলত জনগণের আবেগ উত্তেজিত করার কৌশল, যাকে নিরাপত্তা নীতি হিসেবে উপস্থাপন করা হচ্ছে।’- এই শিরোনামে বিতর্কটি অনুষ্ঠিত হয়।
প্রাথমিকভাবে ভারত উচ্চপর্যায়ের বক্তা প্যানেল জেনারেল নরভনে, ড. সুব্রামানিয়াম স্বামী এবং শচীন পাইলটকে নিয়োগ করলেও তারা শেষ পর্যন্ত অংশগ্রহণ থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে ভারত অপেক্ষাকৃত নিম্নপর্যায়ের একটি প্যানেল: জে. সাই দীপক, পণ্ডিত সত্যেশ শর্মা এবং দেবরজ বন্দরোপাধ্যায়কে মাঠে নামায়।
অন্যদিকে পাকিস্তান ইচ্ছাকৃতভাবে কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধি না পাঠিয়ে অক্সফোর্ডে অধ্যয়নরত তিন শিক্ষার্থী—মূসা হিরাজ, ইসরার খান কাঙ্কর এবং আহমদ নবাজ খানকে সম্পূর্ণ আস্থার সঙ্গে দেশের প্রতিনিধিত্বের সুযোগ দেয়।
বিতর্কে পাকিস্তানি শিক্ষার্থীরা তথ্য, যুক্তি, আইন এবং পরিসংখ্যানের ভিত্তিতে ভারতীয় প্যানেলের বক্তব্যকে ধারালো যুক্তি দিয়ে চ্যালেঞ্জ করে। ভোটাভুটিতে পাকিস্তানের অবস্থান দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়। যদিও অক্সফোর্ড ইউনিয়নে ভারতীয় সদস্যের সংখ্যা তুলনামূলক বেশি।
বিশেষজ্ঞরা মনে করেন, অক্সফোর্ডের মতো আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানি তরুণদের এই সাফল্য প্রমাণ করে যে, যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে পাকিস্তানের অবস্থান আরও শক্তিশালী ও বিশ্বাসযোগ্য। অপরদিকে ভারতের শীর্ষ বক্তাদের অনুপস্থিতি এবং দ্বিতীয় সারির প্যানেলের পরাজয় ভারতীয় বর্ণনার দুর্বলতাকেই তুলে ধরেছে।
সূত্র: এক্সপ্রেস নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
