আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম ফের চালু করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় আজ বিকাল সোয়া ৩টা হতে চালু করা হয়েছে।’
তিনি বলেন, ‘ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীদের স্ব স্ব দেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে, প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোন প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে।
ইসির তথ্যানুযায়ী, রবিবার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৯৫ হাজার ৪৫০ জন প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন।
এআইএল/
