ডেস্ক রিপোর্ট:
হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরীর খাঞ্জা বিল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে।”
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধলেশ্বরী খাঞ্জা বিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুর গ্রামের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জনকল্যাণ সমবায় সমিতির পক্ষে হারিছ মিয়া এবং আনন্দময়ী মৎস্যজীবী সমিতির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম। সোমবার দুপুরে বিলের দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ৩০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
লাখাই থানার ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিশ্র বলেন, “ধলেশ্বরী খাঞ্জা বিল নিয়ে দুটি সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার দুপুরে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী সংঘর্ষ থামায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগেও বিল নিয়ে দুইপক্ষের লোকজন একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে।
এমএআর/
