ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘানার তিন নাগরিকের প্রতি অমানবিক আচরণের অভিযোগের পর ঘানা তার দেশে আগত তিন ইসরায়েলি নাগরিককে বের করে দিয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে ঘানার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো যৌক্তিক কারণ ছাড়াই ঘানার নাগরিকদের প্রতি যে ‘মানব মর্যাদাহানিকর ও অপমানজনক আচরণ’ করেছে, তার প্রতিবাদ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি রাষ্ট্রদূত বর্তমানে আকরায় অনুপস্থিত থাকায় দেশটির দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশই বর্তমান উত্তেজনা শান্তিপূর্ণভাবে সমাধানে সম্মত হয়েছে এবং ঘানা তার নাগরিকদের মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। মন্ত্রণালয় আশা প্রকাশ করে যে, বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলো তাদের নিজ নাগরিকদের মতোই ঘানার নাগরিকদের প্রতিও সম্মান প্রদর্শন করবে।
এর আগে ঘানার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে যে, রবিবার থেকে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে ঘানার ভ্রমণকারীদের ‘ইচ্ছাকৃত লক্ষ্যবস্তুকরণ ও কঠোর আচরণের’ মুখোমুখি হতে হচ্ছে। মন্ত্রণালয় এই আচরণকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায়।
মন্ত্রণালয় জানায়, ৭ জন ঘানাবাসী—যাদের মধ্যে ৪ জন ছিলেন তেল আবিবে একটি আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে যাওয়া সংসদীয় প্রতিনিধিদলের সদস্য—কোনো যুক্তি ছাড়াই আটক হন। পরে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংসদ সদস্যদের মুক্তি দেওয়া হলেও বাকি ৩ জন ঘানাবাসীকে ইসরায়েল থেকে বহিষ্কার করা হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি ও মিডিল ইস্ট মনিটর।
এআইএল/
