ওসমান হাদীকে গুলি, দেশব্যাপী ক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি

by hsnalmahmud@gmail.com

আমানুল্লাহ নাবিল মামদুহ >>

রাজধানীর হৃদয়ভূমি বিজয়নগরের কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদীকে প্রকাশ্যে গুলিবিদ্ধ করার ঘটনায় নির্বাচনী অঙ্গনসহ দেশের রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এলোপাতাড়ি গুলিতে তার মাথা ও বুকে একাধিক গুলিবিদ্ধ হয়। স্থানীয় লোকজন ও দলের কর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন
banner

ঢামেক জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোশতাক আহমেদ জানান, ‘তিনি গুরুতরভাবে মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রোগী বর্তমানে গভীর কোমায় রয়েছেন। অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।’
হাদীকে পরবর্তীতে ন্যুরোসার্জারি আইসিইউতে স্থানান্তর করা হয়।

ঘটনাস্থলে আতঙ্ক—প্রত্যক্ষদর্শীদের বর্ণনা

প্রত্যক্ষদর্শী এক দোকানদার বলেন, ‘হঠাৎ তিনজন মোটরসাইকেল আরোহী এসে খুব দ্রুত গুলিবর্ষণ শুরু করে। সবকিছু কয়েক সেকেন্ডে ঘটে গেল। তারপর দ্রুত পালিয়ে যায়।’

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ দিকবিদিক ছুটতে থাকে। দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়।

এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে দেখা গেছে, ১৫–২০ সেকেন্ডের মধ্যে হামলাকারীরা গুলি চালিয়ে পালিয়ে যায়।

নির্বাচনী সময় ভয়াবহ নিরাপত্তাহীনতার ইঙ্গিত: বিশ্লেষকরা

নির্বাচনী পর্যবেক্ষক অ্যাডভোকেট মনজুর ই কাদের বলেন, ‘দিনদুপুরে রাজধানীর কেন্দ্রে একজন এমপি প্রার্থীকে এভাবে গুলি করা—এটি খুবই ভয়ঙ্কর বার্তা। নির্বাচনকে ঘিরে সহিংসতা বাড়তে পারে।’

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু পরিবেশ পাওয়া যাবে না।

রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

ঘটনার পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। একে একে বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী সংগঠন, নির্বাচন পর্যবেক্ষণ প্রতিষ্ঠান, বিশিষ্ট নাগরিক, মানবাধিকার কর্মী ও নির্বাচন বিশেষজ্ঞরা বিবৃতি দিয়ে হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, তফসিল ঘোষণার পরদিনই একজন তরুণ প্রার্থীকে প্রকাশ্যে লক্ষ্য করে গুলি চালানো—নির্বাচনী পরিবেশ, প্রার্থী নিরাপত্তা ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। অনেকেই এটিকে “নির্বাচনের স্থিতিশীলতার বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণ” বলে উল্লেখ করেন এবং দ্রুত হামলাকারী ও হুকুমদাতাদের গ্রেফতারের জোর দাবি জানান।

হাদিকে গুলির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা তারেক রহমানের

তারেক রহমান বলেন, ‘গত এক বছরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী প্রকাশ্যে হুমকি দিয়েছে যে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন তারা হতে দেবে না।’ একটি গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সক্রিয় বলেও মন্তব্য করেন তিনি।

ওসমান হাদির ওপর হামলাকে তিনি চলমান ষড়যন্ত্রের অংশ দাবি করে তারেক বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আজকের এই ঘটনা তাই প্রমাণ করে।’ তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি চট্টগ্রামেও বিএনপির আরেক প্রার্থীকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল।

হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন জামায়াত আমির

হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া কামনা করেন।

ঢাকা মেডিক্যাল থেকে বেরিয়ে আসার সময় জামায়াত আমির বলেন, তফসিল ঘোষণার ঠিক পরেরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং জুলাইযোদ্ধাকে টার্গেট করে গুলি করার ঘটনা গভীর উদ্বেগের।

এই জাতীয় ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না, যাবে না। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার পেছনের শক্তি কে বা কারা সেটি জাতির সামনে স্পষ্ট করতে হবে।

ওসমান হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত, গুলিবর্ষণকারী ও হুকুমদাতাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান  বলেছেন, ঢাকার বিজয়নগর এলাকার মতো জনবহুল এলাকায় ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করছে এবং নিন্দা জানাচ্ছে।

তিনি বলেন, ঘটনা শোনার সাথে সাথেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর রাখছেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা বারংবার বলে আসছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। সন্ত্রাসীদের দমনে কঠোর হন। কারণ তারা আসন্ন নির্বাচনকে ব্যাহত করতে চাইবে। পতিত ফ্যাসিবাদ মোকাবিলায় সরকারের দুর্বলতা সুস্পষ্ট। ওসমান হাদির ঘটনায় আমরা উদ্বিগ্ন ও শংকিত। দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব দেশের নানা প্রান্তে প্রচারণা চালাতে যাবেন। তাদের নিরাপত্তার প্রশ্ন আরো প্রকট হয়ে উঠলো।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকারকে বলবো, অবিলম্বে এই আক্রমনের সাথে জড়িত সকলকে গ্রেফতার করতে হবে। এটা আগামী নির্বাচনসহ সামগ্রিকভাবে দেশের ভবিষ্যতের প্রশ্ন। ফলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আক্রমনকারী, নির্দেশদাতাসহ সকলকে আইনের আওতায় আনতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সচেষ্ট হতে হবে।
ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ওপরে হামলার প্রতিবাদে তৎক্ষণাৎ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা কেফায়েতুল্লাহর নেতৃত্বে মিছিলে নেতৃবৃন্দ যোগ দেন।

এরই মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেলে যান ওসমান হাদির খোঁজ-খবর নিতে। দলে আছেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

হাদির ওপর হামলার পেছনে বড় ষড়যন্ত্র আছে: নাহিদ ইসলাম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেড বাংলাদেশ ও জনগণের জন্য। আমরা দেখেছি, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আশঙ্কা করছি, এ ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের মনে হচ্ছে না। এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর এটা শুরু হয়। বারবার ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে। এটি তারই একটি ধারাবাহিকতা।

নাহিদ বলেন, আমরা যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, সবাই কিন্তু হুমকির মুখে আছি। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা হাদির সঙ্গে আছি। তার যেই জুলাইয়ের স্পিরিট, সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি। আমাদের দল-মত ভিন্ন হতে পারে, কিন্তু জুলাই ও বাংলাদেশের পক্ষে আমরা ঐক্যবদ্ধ।

শরিফ ওসমান হাদীর ওপর প্রাণঘাতী সশস্ত্র হামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের তীব্র নিন্দা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর চালানো বর্বরোচিত ও প্রাণঘাতী সশস্ত্র হামলার প্রতি গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন—রাজধানীতে দিনের আলোয় একজন নির্বাচনী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানো দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী নিরাপত্তার ওপর গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

নেতৃদ্বয় আরও বলেন—হামলাকারীরা প্রকাশ্যে গুলি চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারা অত্যন্ত উদ্বেগজনক। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার করে ঘটনার পূর্ণ সত্য জাতির সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে সরকারকে শরিফ ওসমান হাদীর সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে হবে।

যৌথ বিবৃতিতে তারা আহত শরিফ ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং সহিংসতার মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রণের যে বিপজ্জনক প্রবণতা—তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। তারা বলেন—রাজনৈতিক প্রতিযোগিতা নীতি, যুক্তি ও ন্যায়ের ভিত্তিতেই হওয়া উচিত; অস্ত্র, ভয় ও আতঙ্কের মাধ্যমে নয়।

ঢাকা-৮ প্রার্থী হাদী গুলিবিদ্ধ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যানের গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিবাদী কণ্ঠস্বর শরিফ উসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, “এই ন্যাক্কারজনক হামলা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে প্রতিটি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা। আমরা দৃঢ়ভাবে আশা করি, এই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে দ্রুত জবাবদিহির আওতায় আনা হবে।”

মাওলানা আব্দুল কাদির আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব প্রার্থী ও দলের প্রতি সমান নিরাপত্তা প্রদান অপরিহার্য।

গুলিবিদ্ধ শরিফ উসমান হাদীর চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

ওসমান হাদীর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণদের পরিচিত মুখ, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ উসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নির্বাচনী সময়ে একজন তরুণ রাজনৈতিক কর্মী ও প্রার্থীর উপর এ ধরনের বর্বর হামলা প্রমাণ করে দেশে প্রার্থীদের নিরাপত্তা হুমকির মুখে। এই হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

বিবৃতিতে তারা আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা, দমন-পীড়ন ও আতঙ্ক সৃষ্টির চেষ্টাকে বরদাশত করা হবে না। নির্বাচন কমিশন ও সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। যাতে প্রার্থীরা ও তাদের কর্মীরা নিরাপদে প্রচার-প্রচারণা চালাতে পারেন।

জমিয়তের পক্ষ থেকে উসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জানানো হয়।

ওসমান হাদীকে গুলিবিদ্ধকারী ও নির্দেশদাতাকে দ্রুত গ্রেফতার করতে হবে : খেলাফত মজলিস

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর আজ দুপুরে প্রকাশ্যে গুলিবিদ্ধের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, তফসিল ঘোষণার পর পরই আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবনতির ঘটনায় দেশবাসী আজ উদ্বিগ্ন। শরীফ ওসমান হাদীকে যে অপশক্তি হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তারা নির্বাচন বানচাল করতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে দমিয়ে রাখতে চায়। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সন্ত্রাসীদের দ্রুততার সাথে গ্রেফতার ও তাদের নির্দেশদাতাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দিতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। মুমূর্ষু শরীফ ওসমান হাদীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

তফসিল ঘোষণার পূর্বেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জানিয়েছি। এখনো নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড এখনো প্রস্তুত নয়। আজকের এই ঘটনায় আমরা উদ্বিগ্ন ও শংকিত। দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের নির্বাচনকালীন গণসংযোগের নিরাপত্তা হুমকির মুখে। ৫ আগস্ট পরবর্তি লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলায় নিয়োজিত যৌথ বাহিনীর কার্যকর ভূমিকা এখনো দৃশ্যমান নয়। পরাজিত আওয়ামী ফ্যাসিবাদি অপশক্তি এখনো ষড়যন্ত্র ও নাশকতায় লিপ্ত।

এমতাবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের উপযুক্ত ক্ষমতা নির্বাচন কমিশনকে প্রয়োগ করতে হবে।

ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি হাসানাত আমিনীর

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “শরিফ ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা ও দেশের তরুণ প্রজন্মের সম্ভাবনাময় নেতা। যারা তাকে গুলি করেছে তারা দেশ ও জনগণের শত্রু। তফসিল ঘোষণার পর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মাওলানা হাসানাত আমিনী বলেন, “ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময়ে নির্বাচন কমিশনকে সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে ভোটারদের মনে আস্থা ফিরবে না, প্রার্থীদের নিরাপত্তা না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। কাজেই নির্বাচন কমিশনকে এই বিষয়ে এখনই যথাযথ ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, যারা তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে তাদের মুখোশ উন্মোচন করে দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিবৃতির শেষে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

হাদিকে গুলি অশনিসংকেত : সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীকে গুলির ঘটনাকে ‘অশনিসংকেত’ বলে বর্ণনা করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করুন সবাই। সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি আরো লেখেন, জাতীয় নির্বাচনের তফসিলের পরপরই এরকম ঘটনা অশনিসংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করুন।

ওসমান হাদি গুলিবিদ্ধ, শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি লেখেন, ‘তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।’

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের গভীর উদ্বেগ ও অপরাধীদের দ্রুত গ্রেফতার দাবি

তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীরভাবে উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া।

তিনি বলেন, দোয়া করি সে বেঁচে থাকুক, আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিক, সবার কাছে দোয়া চাই।

সাথে সাথে সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করার আহ্বান জানাই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এরকম ঘটনা অবশ্যই অশনিসংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করুন। রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে স্বয়ং জুলাই যোদ্ধা গুলিবিদ্ধ! এটা কখনোই মেনে নেওয়া যায় না। এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি আমরা চাই না।

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।

তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী-সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগপুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওনার অবস্থা খুবই গুরুতর। ওসমান হাদির ওপরে গুলি বর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র‌্যাবসহ সবাই কাজ করছে দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222