পশ্চিম তীরে নতুন ১৯ অবৈধ ইহুদি বসতির অনুমতি ইসরায়েল সরকারের

by amirulislamluqman20@gmail.com

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ১৯টি অবৈধ বসতিকে বৈধ মর্যাদা দেওয়ার একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের প্রস্তাবের ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবে পশ্চিম তীরে গড়ে ওঠা ১৯টি অবৈধ বসতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, এসব বসতির মধ্যে কিছু সম্প্রতি স্থাপন করা হয়েছে, আবার কিছু আগে থেকেই বিদ্যমান ছিল। নতুন সিদ্ধান্তের ফলে সেগুলোকে এখন সরকারি স্বীকৃতি দেওয়া হবে।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৪ জানিয়েছে, বৈধতা দেওয়া বসতিগুলোর মধ্যে ঘানিম ও কাদিমও রয়েছে। ২০০৫ সালে ইসরায়েলের তথাকথিত বিচ্ছিন্নতা পরিকল্পনার আওতায় এসব বসতি খালি করা হয়েছিল, যেখানে গাজা উপত্যকা থেকেও বসতি প্রত্যাহার করা হয়।

চ্যানেলটির মতে, এই সিদ্ধান্ত অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বসতিগুলোতে ইসরায়েলের ‘পূর্ণ প্রত্যাবর্তন’ এর ইঙ্গিত দেয়। একই সঙ্গে এলাকাটিকে এর বাইবেলীয় নাম ‘ইহুদিয়া ও সামারিয়া’ নামে অভিহিত করা হচ্ছে। চ্যানেল ১৪ এই পদক্ষেপকে বসতি নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে, এটি অর্থমন্ত্রী স্মোটরিচের নেতৃত্বে নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দ্রুতগতির পরিকল্পনা প্রক্রিয়া শুরু করা হবে, যাতে নতুন বসতি স্থাপন ও বিদ্যমান বসতিগুলোকে আইনি কাঠামোর আওতায় আনা যায়।

এদিকে, ইসরায়েলের বামপন্থী সংগঠন ‘পিস নাউ’ জানিয়েছে, বর্তমানে প্রায় ৫ লাখ অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন বসতিতে বসবাস করছে।

এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে নির্মিত বসতিগুলোতে আরও প্রায় আড়াই লাখ ইসরায়েলি বসবাস করছে।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবনায় বর্ণিত অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও এলাকাগুলোকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার উদ্যোগ কার্যত দ্বিরাষ্ট্র সমাধান সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে দেশটি বাকি ফিলিস্তিনি এলাকাগুলো দখলে নেয়। ধারাবাহিক ইসরায়েলি সরকারগুলো এসব এলাকা থেকে সরে যাওয়া এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র: টিআরটি গ্লোবাল।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222