বিশ্বখ্যাত পাকিস্তানি আলেম ও নকশবন্দি সিলসিলার অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্ব মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্র ও ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তার জানাজা নামাজের সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
পীর জুলফিকার আহমদ নকশবন্দির সঙ্গে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্বের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সারাবিশ্বে তার অসংখ্য ভক্ত, মুরিদ ও ছাত্র ছড়িয়ে আছে।
পীর জুলফিকার আহমদ নকশবন্দি ১ এপ্রিল ১৯৫৩ সালে পাকিস্তানের ঝাং শহরে জন্মগ্রহণ করেন। জীবনের দীর্ঘ সময় তিনি ইসলামি খেদমত, দাওয়াত ও তাবলিগ, তাসাউফ, শরিয়ত ও সুলুকের প্রচার-প্রসার এবং মানুষকে দ্বীনের প্রকৃত শিক্ষা ও বার্তার সঙ্গে পরিচিত করাতে নিবেদিত ছিলেন।
তার চিন্তাধারা, বয়ান, গ্রন্থসমূহ এবং আধ্যাত্মিক প্রভাব অসংখ্য মানুষের জীবনে ঈমানি জাগরণ ও হেদায়েতের আলো ছড়িয়ে দিয়েছে।
সূত্র: এক্সপ্রেস নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
