ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের দায়িত্বশীলদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সভায় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণ, জানাজা ও পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে দুটি কর্মসূচি গ্রহণ করা হয়।
এর অংশ হিসেবে ২০ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর শাখাগুলোকে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উদ্যোগে একটি দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
টিএইচএ/
