বিমানের যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডলিংয়ে স্বচ্ছতা বৃদ্ধিতে ‘বডি-ওর্ন ক্যামেরা’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক বিমান চলাচলে নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। বিশ্বের সকল বিমানবন্দরেই নিরাপত্তা কর্তৃপক্ষের কঠোর নীতি মেনে চলা হয়।
নিষিদ্ধ ও অবৈধ দ্রব্য বহনের আশঙ্কায় বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষ যাত্রীদের লাগেজ তল্লাশিকালে প্রয়োজনবোধে তালা ভেঙে, চেইন কেটে কিংবা লাগেজের কোনো অংশ কেটে নিষিদ্ধ দ্রব্যাদি অপসারণ করে থাকে।
আন্তর্জাতিক নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, এ ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণের জন্য যাত্রী বা এয়ারলাইন্সের পূর্বানুমতির প্রয়োজন হয় না। দুর্ভাগ্যজনকভাবে, বিদেশ থেকে আগত অনেক যাত্রী এ ধরনের লাগেজ কর্তনের দায় সম্পূর্ণভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের ওপর আরোপ করে থাকেন। পাশাপাশি, কিছু অসাধু চক্রও এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ অবস্থায় দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের লক্ষ্যে আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের লাগেজ ওঠানামা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ‘বডি-ওর্ন ক্যামেরা’ ব্যবহারের সিদ্ধান্ত কার্যকর করছে।
এআইএল/
