ডেইলি স্টারে হামলা-লুটপাটে ৪০০ জনের বিরুদ্ধে মামলা

by Fatih Work

রাজধানীর তেজগাঁওয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পত্রিকাটির কর্তৃপক্ষ দাবি করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু। তিনি জানান, ডেইলি স্টার-এর হেড অব অপারেশনস মিজানুর রহমান বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। মামলায় ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হয়েছে বলেও জানান তিনি।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে বিপুলসংখ্যক অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও দাহ্য পদার্থ নিয়ে বেআইনিভাবে ডেইলি স্টার কার্যালয়ের সামনে জড়ো হয়। তারা উত্তেজনামূলক স্লোগান দিয়ে বিশৃঙ্খলা ও দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালায়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার আগে কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে হামলায় উসকানিমূলক পোস্ট দেন। এরই ধারাবাহিকতায় একটি সংঘবদ্ধ মব ভবনের স্টিল গেট ও কাচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

হামলাকারীরা কার্যালয়ের ভেতরে থাকা সাংবাদিক ও কর্মচারীদের মারধরের চেষ্টা করে এবং বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে। ভবনের নিচতলা, দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে চতুর্থ থেকে অষ্টম তলা পর্যন্ত চলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট।

এজাহার অনুযায়ী, দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সার্ভার, প্রিন্টার ও স্টুডিও সরঞ্জামসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ধ্বংস ও লুট করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। এছাড়া বিভিন্ন লকার থেকে প্রায় ৩৫ লাখ টাকা নগদ অর্থ লুটের অভিযোগও করা হয়েছে।

পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার হলে ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ভবনের ভেতরে আটকে পড়া অন্তত ৩০ জন সাংবাদিক ও কর্মচারীকে জীবিত উদ্ধার করা হয়।

ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণ এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222