হাসান আল মাহমুদ >>
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সমন্বিত ইসলামি আট দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ২৭ ডিসেম্বর প্রার্থী তালিকা ঘোষণার খবরটি জোটভুক্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দল নাকচ করে দিয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বুধবার (২৪ ডিসেম্বর) ৩৬ নিউজকে বলেন, ‘সমঝোতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আজকেও আমাদের মিটিং আছে। প্রার্থী তালিকা যাচাই চলছে।’ তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়ানো ২৭ ডিসেম্বর ঘোষণার খবরকে ভিত্তিহীন বলে দাবি করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান একই সুরে বলেন, ‘২৭ তারিখের বিষয়টা কে বা কারা ছড়াচ্ছে আমরা জানি না। আমাদের দলগুলো এখনও পর্যালোচনা করছে। সময় হলেই সঠিক ঘোষণা আসবে।’
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম বলেন, “আট দলের সমন্বিত প্রার্থী তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মাঠপর্যায়ের জরিপ ও বাস্তবতা বিশ্লেষণ করেই তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে কোন দল কতটি আসনে প্রার্থী দেবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।”
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, আগামী সপ্তাহের শুরুতেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। “সমন্বয়ের মাধ্যমে একটি শক্ত ও কার্যকর তালিকা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি,” বলেন তিনি।
জোটের নেতারা জানান, আন্দোলনের মাঠ থেকে গড়ে ওঠা এই ঐক্যকে নির্বাচনি মাঠে কার্যকরভাবে রূপ দিতে প্রতিটি সংসদীয় আসনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। সে অনুযায়ী দেশের বিভিন্ন আসনের রাজনৈতিক বাস্তবতা, ভোটের সমীকরণ, সাংগঠনিক শক্তি ও জনসমর্থন বিশ্লেষণ করে তালিকা চূড়ান্ত করা হচ্ছে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে আটটি ইসলামি দল একযোগে আন্দোলন চালিয়ে আসছে।
সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জোটের নেতারা। তাদের মতে, সহিংসতা, অবাধ অস্ত্রের বিস্তার এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি অব্যাহত থাকলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।
এ অবস্থায় নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। ওই কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
জোটভুক্ত নেতাদের প্রত্যাশা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে সমন্বিত ইসলামি জোট একটি উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবে।
হাআমা/
