ভুয়া ও মিথ্যা তথ্য দেওয়ায় আওয়ামী লীগ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের মৃত স্বামী অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ খেতাব বাতিল করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে তিনি প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন কিনা, তা যাচাই-বাছাইয়ের জন্য নোটিশ দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
জামুকার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিনা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা জেলার দৌলতপুর উপজেলার ১নং ওয়ার্ড রেলগেট এলাকার বাসিন্দা অধ্যাপক আবু সুফিয়ানের নামে ২০২০ সালের ২২ নভেম্বর মুক্তিযোদ্ধা হিসেবে বেসামরিক গেজেট নম্বর- ৪১৯৩ প্রকাশিত হয়।
পরবর্তীতে অধ্যাপক আবু সুফিয়ানের স্ত্রী (আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী) বেগম মন্নুজান সুফিয়ান তার স্বামী অধ্যাপক আবু সুফিয়ানের নামের শেষে ‘বীরপ্রতীক’ যুক্ত করার জন্য একটি ডিও লেটার বা আধা সরকারিপত্র দেন।
ডিও লেটারে মন্নুজান সুফিয়ান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বামী আবু সুফিয়ান বীরপ্রতীক খেতাবে ভূষিত হয়েছেন বলে মিথ্যা তথ্য দেন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিও লেটারে সাবেক প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, মৃত অধ্যাপক আবু সুফিয়ান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্দশার সংবাদ সংগ্রহ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কথিকা হিসেবে পাঠ করতেন।
সেই ডিও লেটারের ভিত্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ২০২৩ সালের ১৫ জুন এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সুফিয়ানের নামের শেষে বীরপ্রতীক যুক্ত করে বেসামরিক গেজেট নম্বর ৪১৯৩-এর সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করে।
এআইএল/
