বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর, ইসলামী নেতাদের সমবেদনা

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন
banner

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানায়, মরহুমার জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন তার বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, দুই নাতনি জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত ভাই সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, মেজ বোন সেলিনা ইসলামসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী।

শায়েখে চরমোনাইয়ের শোক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দলের পক্ষ থেকে শোক বইতে স্বাক্ষর করেন এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

শোক বইয়ে তিনি লেখেন, ‌দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্ব হারালো। আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি।’

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‌বাংলাদেশ একজন অভিভাবকসুলভ নেতৃত্ব হারিয়েছে। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমেই পূরণ হবে বলে আমরা আশাবাদী।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমরান সালেহ প্রিন্স, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তাবিথ আউয়াল প্রমুখ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শোক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্ধ্যায় গুলশান কার্যালয়ে যান। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা ড. শুয়াইব আহমদ ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।

মাওলানা মামুনুল হকের শোক স্বাক্ষর

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মঙ্গলবার সন্ধায় গুলশান কার্যালয়ে গিয়ে শোক ও সমবেদনা জানান।

শোক বইয়ে স্বাক্ষর করে তিনি লিখেন, ‘বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের আপোষহীন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অবিসংবাদিত ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি৷’

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দল, সংগঠন ও বিশিষ্টজন একে একে শোক প্রকাশ করছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222