কানাডার ভ্যাঙ্কুভার শহরে টেকঅফের কিছুক্ষণ আগে সন্দেহজনক ও মদ্যপ অবস্থায় থাকার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI186–এর ক্ষেত্রে এই ঘটনা ঘটে। ভ্যাঙ্কুভার বিমানবন্দরে দায়িত্বে থাকা ক্রুর এক সদস্য অভিযোগ করেন, তিনি সংশ্লিষ্ট পাইলটকে মদ কিনতে ও মদপান করতে দেখেছেন। এরপর বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়।
কানাডীয় কর্তৃপক্ষ পাইলটের কাছ থেকে অস্বাভাবিক গন্ধ পাওয়ায় সঙ্গে সঙ্গে তার ব্রেথ অ্যানালাইজার টেস্ট করায়, যেখানে তিনি ব্যর্থ হন। এরপর নিরাপদভাবে দায়িত্ব পালনে তার সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত তদন্তের জন্য হেফাজতে নেয়।
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প পাইলট নিয়োগ দেওয়া হয়। তবে নতুন পাইলটের ব্যবস্থা করতে সময় লাগায় ফ্লাইটটি বিলম্বিত হয়।
এয়ার ইন্ডিয়া আরও নিশ্চিত করেছে যে, চলমান তদন্তের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত অভিযুক্ত পাইলটকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
