হাসান আল মাহমুদ >>
সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাবলীগ জামাতের একটি বিতর্কিত অংশ হিসেবে পরিচিত দিল্লির মাওলানা সাদের অনুসারী বলে খ্যাতিলাভ করা কয়েকজন ব্যক্তি সাক্ষাৎ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা যায়, তারেক রহমানের সঙ্গে সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি একসঙ্গে বসে আছেন। তবে তারা কী বিষয়ে আলোচনা করেছেন, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একাধিক পোস্টে দাবি করা হয়েছে, তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে গিয়েছিলেন।
এদিকে এ সাক্ষাৎকে ঘিরে কয়েকজন আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে রাজনৈতিকভাবে সংবেদনশীল ও বিতর্কিত বলছেন।
বিশিষ্ট আলেম মুফতি নিয়ামতুল্লাহ আমিন বলেন, ‘মাওলানা সাদের অনুসারী হিসেবে পরিচিত এই গোষ্ঠীটি অতীতে আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করেছিল এবং বিভিন্ন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছিল।’
তিনি আরও বলেন, ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা আবার নতুনভাবে নিজেদের অবস্থান বদলানোর চেষ্টা করছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।’
মুফতি নেয়ামতুল্লাহ আমিন বিএনপির নেতৃবৃন্দকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের সাক্ষাৎ ও ছবি ভবিষ্যতে ভুল ব্যাখ্যা বা রাজনৈতিক অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।
তিনি বলেন, ‘এখনই সতর্ক থাকা জরুরি, যেন কোনো পক্ষ এ বিষয়কে ভুলভাবে ব্যবহার করতে না পারে।’
এ বিষয়ে তাবলীগ জামাতের মূলধারার শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবীবুল্লাহ রায়হান ৩৬নিউজকে বলেন, ‘তাবলীগ জামাতের মেহনতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বা রাজনৈতিক উদ্দেশ্য সম্পৃক্ত নয়। আমাদের দাওয়াতি কাজ সম্পূর্ণভাবে দ্বীনি ভিত্তির ওপর পরিচালিত হয়। এ কারণে তাবলীগ জামাতের কোনো বয়ান, আলোচনা বা কার্যক্রমে রাজনীতি বিষয়ক কথা বলা কঠোরভাবে নিষিদ্ধ।’
তিনি বলেন, তাবলীগের মূল উদ্দেশ্য হলো, সমাজের সকল স্তরের মানুষ যেন নির্বিঘ্নে দ্বীনের দাওয়াত গ্রহণ করতে পারেন। রাজনৈতিক মতাদর্শ বা পক্ষ-বিপক্ষের বিতর্কে জড়িয়ে পড়লে সেই দাওয়াতের পথে বাধা সৃষ্টি হতে পারে। তাই তাবলীগ জামাত রাজনৈতিক কোনো পক্ষ বা বিপক্ষের সঙ্গে সম্পৃক্ত হয় না এবং এ ধরনের বিষয় থেকে সর্বদা বিরত থাকে।’
হাবীবুল্লাহ জানান, ‘সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের খবরে আমরা গভীরভাবে মর্মাহত। একজন মুসলমান হিসেবে আমরা তাঁর রূহের মাগফিরাত কামনায় আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি। আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন।’
হাআমা/
