বাংলাদেশে ভারতের আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে মোহামেডান ক্লাব অডিটরিয়ামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি সরকারকে সাধুবাদ জানান।
ইশরাক বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে একটি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ।
তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারা খেলোয়াড়দের নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়েই যথাযথ সিদ্ধান্ত নিয়েছে।
ইশরাক আরো বলেন, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান শুধু একজন খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি। তার প্রতি যে কোনো ধরনের অসম্মান মানেই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের প্রতি অসম্মান। সেই দৃষ্টিকোণ থেকেই আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।
এআইএল/
