যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মাদক পাচারের মামলায় অভিযুক্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছেন, তিনি এখনও ভেনেজুয়েলার বৈধ ও সাংবিধানিক প্রেসিডেন্ট। আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে মাদক সংশ্লিষ্ট সব অভিযোগ অস্বীকার করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরো ও তার স্ত্রীকে হাজির করা হয়। শুনানিতে মাদুরো বলেন, তিনি একজন সৎ ও নির্দোষ মানুষ এবং তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব এখনও বহাল রয়েছে।
শুনানি শেষে বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর পরবর্তী হাজিরার তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেন।
এর আগে শনিবার মার্কিন বাহিনীর একটি আকস্মিক অভিযানে ভেনেজুয়েলা থেকে নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসা হয়। ওই অভিযানের সময় দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক সামরিক হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।
এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সংকট মোকাবিলায় ওয়াশিংটনের সঙ্গে ‘সম্মানজনক ও ভারসাম্যপূর্ণ’ সম্পর্ক গড়ার আহ্বান জানান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা বর্তমানে পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই হঠাৎ সামরিক হস্তক্ষেপ এবং মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঘটনাটিকে একটি ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করেছেন।
টিএইচএ/
