জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর পর সাড়ে ৯টার দিকে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ম্যানেজমেন্ট বিভাগের ২১৫ নম্বর কক্ষে ভোট প্রদান করেন।
নির্বাচনের দিন সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে পাস কার্ড প্রদর্শনের মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশ করেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জকসুর কেন্দ্রীয় সংসদের ২১টি পদের জন্য ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদের জন্য ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন চূড়ান্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জকসু নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৬৫ জন। এতে চারটি প্যানেল অংশ নিয়েছে। প্যানেলগুলো হলো— ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।
এ ছাড়া বেশ কয়েকজন প্রার্থী স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নিচ্ছেন। ভিপি পদে ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টিএইচএ/
